স্থানীয় সংবাদ

‘ঘরের ছেলে’ প্রতিমন্ত্রী অমিতকে বিপুল ভালোবাসায় বরণ যশোরবাসীর

যশোর ব্যুরো ঃ নতুন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা যশোরে পা রাখলেন অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে দুই দিনের সফরে তিনি যশোরে পৌঁছালে জেলা প্রশাসন, দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন তিনি। শপথ শেষে নিজ শহরে ফেরা একজন সন্তানের প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দর থেকে সার্কিট হাউস পর্যন্ত ছিল উৎসবমুখর পরিবেশ।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে বিমানযোগে যশোর বিমানবন্দরে পৌঁছান প্রতিমন্ত্রী।
সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এসময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন দলের পক্ষে অভিনন্দন জানান।

বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় প্রটোকলে তিনি যশোর সার্কিট হাউসে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। সার্কিট হাউসের সম্মেলন কক্ষে প্রায় দুই ঘণ্টা ধরে চলে শুভেচ্ছা বিনিময়।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা তাকে অভিনন্দন জানান।

যশোর স্থানীয় সরকার বিভাগ, সরকারি এম এম কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি সিটি কলেজ, যশোর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, নতুনহাট পাবলিক কলেজ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি (যশোর জেলা শাখা), বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, জেলার ক্রীড়া সংগঠকবৃন্দ, সাংবাদিক ইউনিয়ন যশোর, মোটরপার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী সমিতি, নগর ও সদর উপজেলা বিএনপিসহ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোরসহ সারা দেশের মানুষের প্রত্যাশা পূরণে আমি বদ্ধপরিকর। অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার পাশাপাশি নির্বাচনের আগে যশোরবাসীকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই আমার লক্ষ্য।

দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি কারবালা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তারিকুল ইসলামের কবর জিয়ারত করেন। বিকেলে হোটেল ওরিয়নে এতিম শিশু ও ওলামা-মাশায়েখদের সঙ্গে আলোচনা ও ইফতারে অংশ নেওয়ার কথা রয়েছে।

দুই দিনের সফরে প্রতিমন্ত্রী অমিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক এবং স্থানীয় উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। সফর শেষে তিনি ঢাকায় ফিরবেন।

এসএইচ

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button