স্থানীয় সংবাদ

ভাষা শহিদদের স্মরণে বরিশালে ৪৫ ফুট দীর্ঘ ‘একুশের ক্যানভাস’ অঙ্কন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশালে শুরু হয়েছে ব্যতিক্রমী আয়োজন “একুশের ক্যানভাস”। ভাষা শহিদদের স্মরণে ৪৫ ফুট দীর্ঘ কাপড়ে চিত্রাঙ্কনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরার উদ্যোগ নিয়েছে চারুকলা বরিশাল।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে বরিশালে শুরু হওয়া আয়োজনে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং শিশুদের সৃজনশীলতার মাধ্যমে ইতিহাসকে জীবন্ত করে তুলতেই এই আয়োজন।
কাপড়ের ক্যানভাসজুড়ে রং, রেখা ও রূপের মেলবন্ধনে তুলে ধরা হয়েছে ভাষা আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়। সাতটি আলাদা দৃশ্যের মাধ্যমে ভাষা আন্দোলনের ধাপগুলো চিত্রায়িত করা হয়েছে।
মঠবাড়িয়া থেকে আসা শিশু শিল্পী আহাদ আব্দুল্লাহ জানায়, “কাপড় চিত্র অঙ্কনের জন্য মঠবাড়িয়া থেকে এসেছি। এখানে এসে খুব আনন্দ লাগছে।

চিত্রাঙ্কন দলের দলনেতা তাপস কর্মকার বলেন, “দীর্ঘ এই কাপড় চিত্রটি একুশের সবচেয়ে বড় কাপড় চিত্র। এটি অঙ্কনের মাধ্যমে আমরা ভাষা আন্দোলনের ধারাবাহিক ইতিহাস তুলে ধরেছি। সাতটি ছবির মাধ্যমে আন্দোলনের বিভিন্ন পর্ব উপস্থাপন করা হয়েছে।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের অংশগ্রহণের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়া এবং নিজস্ব সংস্কৃতির গুরুত্ব তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button