শরণখোলায় মাছের ঘের থেকে ১০ ফুট অজগর উদ্ধার : বনে অবমুক্ত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের শরণখোলায় মাছের ঘের থেকে বিশাল এক অজগর সাপ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের জিলবুনিয়া গ্রামের জয়নাল হাওলাদারের মাছের থেকে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যসহ স্থানীয়রা মিলে অজগরটি উদ্ধার করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়। ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর ও বসুন্ধরা শুভসংঘের সমাজকল্যাণ সম্পাদক মো. আলম হাওলাদার জানান, অজগরটি জয়নাল হাওরাদারের মাছের ঘেরে ঢুকে মাছ খাচ্ছিল। তা দেখে প্রথমে স্থানীয় লোজকনকে খবর দেন ঘের মালিক। পরে তারা ওয়াইল্ড টিম ও ভিটিআরটি সদস্যদের ফোন করে জানালে স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। অজগরটি প্রায় ১০ ফুট লম্বা এবং ওজন ১২ থেকে ১৩ কেজি হবে বলে ধারণা করা হচ্ছে। পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান জানান, লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগরটি রাত সাড়ে ১১টার দিকে বনে অবমুক্ত করা হয়েছে।



