জাতীয় সংবাদ

ঝালকাঠিতে নির্বাচনী সহিংসতা : অগ্নিসংযোগ-গুলিবর্ষণ

প্রবাহ রিপোর্ট : ঝালকাঠি সদরে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, গুলিবর্ষণ ও মারামারির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন চারজন। গত মঙ্গলবার দিবাগত রাত ২টা ও গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা ও উত্তর মানপাশা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমান ও কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন খান সুরুজের কর্মী বলে জানা গেছে। আহতরা হলেন একই উপজেলার রাজপাশা গ্রামের দিলু মজুমদারের ছেলে মুন্না মজুমদার (২০), শামসুল হকের ছেলে রাসেল (৩২), হুমায়ুন কবির শেখের ছেলে মাহমুদ শেখ (২৭) ও হৃদয় শেখ (২৫)। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার উত্তর মানপাশা গ্রামে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যবসায়ী কে এস জাহিদের বাড়ির প্রধান ফটকে অগ্নিসংযোগ ও দুই রাউন্ড গুলি ছোঁড়া হয়। আত্মরক্ষার্থে জাহিদ তার লাইসেন্স করা পিস্তল দিয়ে ফাঁকা গুলি করেন। তবে এ ঘটনায় কেউ আহত হননি। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে গতকাল বুধবার সকালে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় চারজন আহত হন। ব্যবসায়ী কে এস জাহিদ বলেন, আমি একজন প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলাম। এজন্য হয়তো আমার ওপরে কেউ ক্ষিপ্ত ছিল। আমার বাড়ির প্রধান ফটকে অগ্নিসংযোগ ও গুলি ছোঁড়া হয়েছে। ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, দুই পক্ষের হামলায় চারজন আহত হয়েছেন। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button