জাতীয় সংবাদ

বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলেন আইজিপি

প্রবাহ রিপোর্ট : ফেনী ও কুমিল্লার বন্যাকবলিত বিভিন্ন স্থান পরিদর্শন এবং বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন আইজিপি মো. ময়নুল ইসলাম। গতকাল রোববার বিকালে পুলিশের ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন এবং উদ্ধার তৎপরতা পরিদর্শন করেন। আইজিপি প্রথমে ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণ এবং পরে কুমিল্লা জেলা স্কুল মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা আইজিপির সঙ্গে ছিলেন। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি বলেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেওয়ার পরপরই পুলিশ বন্যাদুর্গত মানুষের পাশে থেকে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করছে। তিনি বলেন, পুলিশ সদর দপ্তর থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বন্যাকবলিত কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় ত্রাণ বিতরণ করছে। বন্যাদুর্গত মানুষের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের পাশাপাশি বন্যাদুর্গত জেলাগুলোতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। আইজিপি বলেন, বন্যাদুর্গত এলাকায় পুলিশের মেডিকেল টিম নিয়োজিত রয়েছে। নৌপুলিশ ও জেলা পুলিশ স্পিডবোট, নৌকা ইত্যাদির মাধ্যমে বানভাসি মানুষকে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। তিনি বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং বন্যা পরবর্তী পুনর্বাসনেও বাংলাদেশ পুলিশ ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button