জাতীয় সংবাদ

পাঁচ মামলায় আমু-ইনুসহ গ্রেপ্তার ৫

প্রবাহ রিপোর্ট : রাজধানীর পৃথক চার থানার পাঁচ মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুসহ ৫ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। গ্রেপ্তার দেখানো অন্য অভিযুক্তরা হলেন- পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এর আগে কারাগার থেকে তাদের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এরপর বিচারক তাদের গ্রেপ্তার দেখান। রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন আমীর হোসেন হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। তেজগাও থানাধীন কাওরান বাজার এলাকায় রমিজ উদ্দিন রুপ হত্যা মামলায় আমির হোসেন আমু, জাহাঙ্গীর আলম ও জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মোহাম্মদপুর থানাধীন মো. আল শাহরিয়ার হোসেন হত্যা মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মিরপুরে শিশু মিজানুর রহমান হত্যা মামলা ও আজাদ হোসেন হত্যা চেষ্টা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এর আগে ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৫ আগস্ট বিকালে উত্তরার একটি বাসা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি টিম। গত ৩ সেপ্টেম্বর পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। ১ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। গত ১৬ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করে পলিশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button