যশোরে পুলিশ পরিচয়ে প্রতারণা করায় পুলিশ গ্রেফতার

যশোর ব্যুরো : পুলিশে চাকুরী থেকে অবসরে যাওয়ার পরও নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে শহরের বকচর হুশতলা এলাকায় প্রভাব বিস্তার, প্রতারণা পূর্বক অর্থ গ্রহনসহ বিভিন্ন প্রকার অপরাধ মূলক কর্মকান্ড করায় শহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মাজদিয়াড় গ্রামের মৃত শামছুদ্দিন আহমেদ এর ছেলে। বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে দায়েরকৃত কোতয়ালি থানার মামলা নং ৬২ তারিখ ১৫/০২/২৪ ইং ধারা ১৭০/১৭১/৪১৯ পেনাল কোড অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। কোতয়ালি থানার এসআই আব্দুর রাজ্জাক জানান,বুধবার ১৪ ফেব্রুয়ারী রাত্রে মোবাইল ডিউটি করাকালে শহরের মনিহার সিনেমা হলের সামনে অবস্থানকালে রাত অনুমানিক ১১ টার সময় গোপন সূত্রে খবর পান শহিদুল ইসলাম এক ব্যক্তি পুলিশ সদস্য না হয়ে পুলিশের ডিএসবি লেখা কটি (জ্যাকেট) ও আইডি বহন করে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে হুশতলা এলাকায় প্রভাব বিস্তার,প্রতারণা পূর্বক অর্থ গ্রহনসহ বিভিন্ন প্রকার অপরাধ মূলক কর্মকান্ড করে আসছে এবং অসৎ উদ্দেশ্যে সরকারি কর্মচারীর চিহ্ন সম্বলিত পোশাক পরিধান করে নিজেকে সরকারী কর্মচারী (পুলিশ) পরিচয় দিয়ে প্রতারণা করছে। তার এহেন কার্যক্রম এলাকার সাধারণ মানুষকে জিম্মি ও পরিবেশ নষ্ট করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে রাত সাড়ে ১১ টায় বকচর হুশতলা মোড়ে সিফাত ফ্যাশন হাউসের সামনে মোটর সাইকেল যোগে উক্ত শহিদকে ডিএসবি নাম লেখা কটি জ্যাকেট পরার বিষয় তার পরিচয় জানতে চাইলে সে অবসর প্রাপ্ত পুলিশ পরিচয় দেয় ও উক্ত নাম ঠিকানা পরিচয় দেয়। সে বিগত ০১/১০/২২ যশোর থেকে পুলিশ চাকুরী থেকে অবসর গ্রহন করেন । অবসরের পূর্বে সে জেলা ডিএসবিতে কর্মরত ছিল বলে জানায়। সে অবসর গ্রহনের পরও নিজেকে পুলিশ পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করায় তাকে গ্রেফতার পূর্বক নিয়মিত মামলা দেন।



