১ ঘন্টার জন্য মেটা’র সার্ভারে ত্রুটি ছিল

সাইবার ইউনিট : কারও ফেসবুক হ্যাক হয়নি
প্রবাহ রিপোর্ট ঃ গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হঠাৎ করে নিস্ক্রিয় হয়ে পড়েছিল। বাংলাদেশসহ বিশ্বেও প্রায় সব ফেসবুক একাউন্ট হঠাৎ লগ আউট হয়ে যায়। এরপরে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের ব্যবহারকারীরা কেউ ফেসবুকে লগইন করতে পারছিল না। হঠাৎ ফেসবুকে ঢুকতে না পেরে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে। তাদের আতঙ্কিত না হতে রাতেই অনুরোধ করেছেন ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের এসপি মো. নাজমুল ইসলাম। ফেসবুকের বাংলাদেশ ও সিঙ্গাপুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তিনি একথা জানান। মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। এসপি নাজমুল বলেন, মেটা’র সার্ভারে ত্রুটি থাকায় ফেসবুকের কার্যক্রম বর্তমানে কিছুটা বিঘিœত হচ্ছে। ইতোমধ্যে এ বিষয়টি নিয়ে আমরা বাংলাদেশের কর্তৃপক্ষ এবং সিঙ্গাপুরের ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে তারা এই সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে। দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর ১ঘন্টা পরেই ফেসবুক আগের মত সচল হয়। উল্লেখ্য, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। বিভিন্ন গণমাধ্যম থেকে কর্মীরা প্রবাহকে জানিয়েছেন, তারা ফেসবুক ব্যবহার করতে পারছেন না। দৈনিক প্রবাহ’র সংবাদ কর্মীরাও ফেসবুক লগইন করতে পারছেন না বলে জানান। এদিকে রাত ১০টার দিকে ওয়েবসাইট পর্যবেক্ষক ডাউনডিটেক্টরে দেখা যায়, রাত ৯টা ৩২ পর্যন্ত ৫ লাখ ৪১ হাজার ৫৭৩ জন ব্যবহারকারী তাদের সমস্যার কথা জানিয়েছেন। তারা এও জানতে চাচ্ছেন কী হয়েছে সামজিক মাধ্যমটির? কেনই বা লগইন করা যাচ্ছে না? কখন ঠিক হবে? ডাউনডিটেক্টরের মন্তব্যের ঘরে ব্যবহারকারীদের এমন অসংখ্য প্রশ্ন দেখা যায়। যদিও এ প্রসঙ্গে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মেটা কর্তৃপক্ষ। ডাউনডিটেক্টর ছাড়াও ট্র্যাকিং ওয়েবসাইট, অ্যাপ এবং বিভিন্ন ওয়েবসাইটে ফেসবুক বিভ্রাটের বিষয়টি রিপোর্ট করছেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে এ অভিযোগের সংখ্যা আজ রাত ১০টার পর থেকে আকস্মিকভাবে বৃদ্ধি পায়। ১০টার পর পরই ফেসবুক আগের মত স্বাভাবিক হয়।



