রাজধানীতে পৃথক ঘটনায় ৬ জনের অপমৃত্যু

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীতে সড়কদুর্ঘটনাসহ পৃথক ঘটনায় ৬ জনের অপমৃত্যু হয়েছে। এর মধ্যে গুলিস্তান ও দক্ষিণখান এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নারী ও মিরপুরে একজন পুরুষ মারা গেছেন। পুলিশ জানায়, নিহত দুই মহিলার নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। গতকাল রোববার সকালের দিকে রাজধানীর পৃথক স্থান থেকে দুই নারী লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। রাজধানী গুলিস্তান পাতাল মার্কেটের পাশে হলের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৫০) এক মহিলাকে উদ্ধার করে ভ্যানচালক রাসেল হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। রাসেল জানান, গুলিস্তান হলের সামনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত ওই মহিলা আহত অবস্থায় পড়ে থাকলে উপস্থিত পুলিশ তার ভ্যানে তুলে হাসপাতালে পাঠিয়ে দেয়। হাসপাতালের আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দক্ষিণখান কসাইবাড়ি রেলগেটের পাশের সড়কে অটো রিকশার ধাক্কায় অজ্ঞাত (৪০) মহিলা গুরুতর আহত হলে অটোচালক মোস্তাকিম তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে মোস্তাকিম জানান, কসাইবাড়ি রেলগেট সংলগ্ন সড়কে রাস্তা পারাপার হওয়ার সময় তার অটোর ধাক্কায় ওই মহিলা মারা গেছে। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, গুলিস্তান ও দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া দুই মহিলার নাম ঠিকানা এখনো জানা যায়নি। তাদের বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাসের ধাক্কায় শ্রমিকের মৃত্যু: এদিকে রাজধানীর মিরপুর সনি হলের সামনে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় আল আমিন (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সকালের দিকে চিড়িয়াখানা রোড সনি হলের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন আল আমিন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান হৃদয় নামে একজন। সেখানেই মারা যান আল আমিন। হৃদয় জানান, নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর জেলার ছোট বিঘাইল গ্রামে। মিরপুরের শাহ আলীর উত্তর বিশিল এলাকায় থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার: রাজধানীর হাতিরঝিলের একটি বাসা থেকে মো. ইউসুফ চৌধুরী (২৫) নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইউসুফ ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মামা আল আমিন বলেন, গতরাতে আমার দুলাভাই, বোন ও তাদের ছোট ছেলেকে নিয়ে শপিংমলে যান। রাতে বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পান না তারা। পরে আশপাশের লোক ডেকে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন- আমার ভাগ্নে গলায় রশি পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে। তিনি বলেন, পুলিশের সহযোগিতায় আমার ভাগ্নেকে নামিয়ে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভাগ্নে বেশ কিছুদিন ধরে হতাশায় ভুগছিল। কয়েকদিন পরেই তার মাস্টার্সের ফল বের হওয়ার কথা। সে পড়াশোনায় খুব ভালো ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কোদাল দিয়ে কুপিয়ে রাজমিস্ত্রিকে হত্যা: রাজধানীর মিরপুর শাহআলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলআমিন ওরফে রুহুল আমিন (৩০) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকাল ৮টার দিকে মিরপুর মুক্তবাংলা মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা হৃদয় মিয়া জানান, তারা থাকেন মিরপুর-১ গোদারাঘাট এলাকায়। আলআমিন পেশায় রাজমিস্ত্রী আর হৃদয় তার সহযোগী। তারা সকালে মিরপুর-১, মুক্তবাংলা মার্কেটের সামনের রাস্তায় বসে ছিলেন, কাজে যাওয়ার জন্য। এরপর হৃদয় সেখান থেকে একটু দূরে যায় নিজের কোদাল আনতে। তার দাবি, নিজে কোদাল নিয়ে আবার ফিরে এসে দেখেন, আলআমিন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। কেউ তাকে ধরছে না। তখন তিনি হাসপাতালে নিয়ে আসেন। নিহত আলআমিনের বাবা আবুল হোসেন জানান, তাদের বাড়ি বরগুনা বেতাগী উপজেলার কালকা বাড়ি গ্রামে। ভোরে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় আলআমিন। এরপর লোক মারফত খবর পান, আলআমিনকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। পরবর্তীতে তারা ঢাকা মেডিকেলে এসে ছেলের লাশ দেখতে পান। এক মেয়ের জনক আলআমিন। তার স্ত্রী হিরা আট মাসের অন্তঃসত্ত্বা। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে শুনেছি, তারই এক সহকর্মী কোদাল দিয়ে কুপিয়ে দৌড়ে পালিয়েছে। শাহআলী থানার এসআই মো. মিজানুর রহমান জানান, নিহতের স্বজনরা ও ঘটনাস্থল থেকে জানা গেছে, তার সহকর্মী কোদাল দিয়ে কুপিয়ে খুন করেছে আলআমিনকে। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।
ট্রাক থেকে নামিয়ে চালককে গুলি: রাজধানীর সবুজবাগে দুর্বৃত্তদের গুলিতে মো. আলম (৪৮) নামে এক ট্রাকচালক আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রোববার ভোরে আমুলিয়া রোডের বাইকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আলম পরিবার নিয়ে খিলগাঁও নন্দীপাড়া এলাকায় থাকেন। হাসপাতালে ট্রাকচালক আলম বলেন, মালিবাগ থেকে প্রতিদিনের মতো ট্রাকে মাটি ভরাট করে বাইকদিয়া এলাকায় পৌঁছালে ৮-১০ জন দুর্বৃত্ত ইট-পাটকেল ছুড়ে ট্রাকের গ্লাস ভাঙচুর করেন। এরপর তারা আমাকে মারধর করে ট্রাক থেকে নামিয়ে আমার ডান পায়ের হাঁটুর নিচে গুলি করেন। ঘটনার সময় আমার সঙ্গে ট্রাকের মালিক গোলাম ফারুক ছিলেন। তিনি অলৌকিকভাবে বেঁচে যান। তাকেও লক্ষ্য করে গুলি করা হয়েছিল বলে অভিযোগ করেন আলম। ট্রাকে মালিবাগ থেকে মাটি ভরাট করে বাইকদিয়া এলাকায় ফেলার কাজ তারা বেশ কয়েকদিন ধরে করে আসছিলেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ আলম হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা শঙ্কামুক্ত।



