একসঙ্গে দম্পতির মৃত্যু, দাফনও পাশাপাশি

প্রবাহ রিপোর্ট ঃ প্রায় পাঁচ যুগের দাম্পত্য জীবন। এ দীর্ঘ সময়ের পথচলায় কিছু মান-অভিমান থাকলেও ছিল একে অপরের প্রতি অগাধ ভালোবাসা। সেই ভালোবাসার টানে সবসময় কামনা করতেন একসঙ্গে যেন মৃত্যু হয়, কবরও যেন হয় পাশাপাশি। তাদের সেই ইচ্ছা পূরণ হয়েছে। একই দিনে পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়েছেন ওই দম্পতি। বলছিলাম রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের ইন্দিরাপাড়া গ্রামের বাসিন্দা আজগার আলী (৮০) ও তহিদা খাতুন (৭২) দম্পতির কথা। গত বৃহস্পতিবার ভোরে আজগার আলী ও রাত ৮টার দিকে তার স্ত্রী তহিদা খাতুনের মৃত্যু হয়েছে। আজগার আলীর ভাতিজা নুরু মিয়া জানান, রোজা শেষে বুধবার রাতের খাবার একসঙ্গে খেয়ে ঘুমিয়ে পড়েন ওই দম্পতি। গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঘুম থেকে জেগে ওঠেন তহিদা খাতুন। এসময় ডাকাডাকি করেও স্বামীর সাড়া পাননি। তার কান্না শুনে বাড়ির অন্য লোকজন ছুটে আসেন। তখন তারা বুঝতে পারেন আজগর আলী মারা গেছেন। স্বজনরা জানিয়েছেন, আজগার আলী পেশায় একজন কৃষক ছিলেন। তিনি কিছুদিন ধরে অ্যাজমা রোগে ভুগলেও তার স্ত্রী তহিদা খাতুনের তেমন কোনো রোগ ছিল না। ওই ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা (বিট কর্মকর্তা) বদরগঞ্জ থানার এএসআই মাসুদ আলম বলেন, ঘটনাটি বিস্ময়কর। স্বামী-স্ত্রীর একই দিনে স্বাভাবিক মৃত্যু তেমন দেখা যায় না।



