জাতীয় সংবাদ

বাংলাদেশ-ভারতের দুই সচিবের বৈঠক

প্রবাহ রিপোর্ট : জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন চৌধুরীর সঙ্গে ভারতের মিনিস্ট্রি অব পারসোনেল, পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশনস ডিএআর অ্যান্ড পিজি সচিব ভি. শ্রীনিভাসের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিবের নিজ দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে ভারতের সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের মিলনায়তনে ভারতে অনুষ্ঠিত পূর্ববর্তী মিড ক্যারিয়ার প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে মনবিনিময় সভায় অংশ নেন। বৈঠকে সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় দুই মন্ত্রণালয়ের মানব সম্পদ উন্নয়নে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। আগামী দিনে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সিনিয়র সচিব বলেন, বাংলাদেশের উন্নয়ন অভিলক্ষ্য বিশেষত বৃহদায়তন প্রকল্প ব্যবস্থাপনার ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়নে ভারত বিভিন্ন প্রশিক্ষণ ও এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও এই সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে সিনিয়র সচিব আশা প্রকাশ করেন। সিনিয়র সচিব আরও জানান, বাংলাদেশ ও ভারতের সিভিল সার্ভিসের গঠন ও কার্যপ্রণালি, আইন ও নীতিগত ধারাবাহিকতার ঐতিহ্য, সমস্যা ও সম্ভাবনার বিস্তর মিল রয়েছে। শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে অনেক মিল থাকায় আমাদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় দু’দেশের সুশাসনের জন্য সহায়ক হবে। ফলে এ সকল ক্ষেত্রেও দু’দেশের আরো ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ রয়েছে। ভারতের সচিব ভি. শ্রীনিভাস দুই দেশের মধ্যকার সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও ভারতের মাঝে ঐতিহাসিকভাবেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ক উন্নয়নে এবং বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে ভারত বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে ইচ্ছুক। এ সময় ভারতের প্রতিনিধিদলের সদস্য, রেক্টর (সচিব) বিপিএটিসি, রেক্টর (সচিব) বিসিএস প্রশাসন একাডেমি, ডিজি (সচিব), এনএপিডি, রেক্টর (সচিব) এনএডিএ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাসুদুল হাসান এবং অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের কাউন্সিলর পাওয়ান বাধে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button