স্থানীয় সংবাদ

এসএসসির ফল প্রকাশ : খুলনা দ্বিতীয়

# ফল প্রকাশের দিন হয় না আগের মত উচ্ছাস #

স্টাফ রিপোর্টারঃ ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার সকালে গণভবনে ডিজিটালি আনুষ্ঠানিকভাবে এবারের মাধ্যমিকের ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক সময় সবচেয়ে বড় পাবলিক পরীক্ষার ফল প্রকাশের এই দিনে প্রতিটি স্কুল মুখর হয়ে ওঠতো বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাসে। কিন্তু এখন আর সেই উচ্ছ্বাস নেই। মাঠের উচ্ছ্বাস চলে গেছে সোশ্যাল মিডিয়ায়। আগের বছরগুলোয় এদিনে স্কুলে স্কুলে বাঁধভাঙ্গা আনন্দ-উচ্ছ্বাস দেখা যেত। কিন্তু এবার তা চোখে পড়েনি। অভিভাবক-শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখছে। কেউ কেউ ক্যাম্পাসে এলেও তাদের মধ্যে কোনো উচ্ছ্বাস লক্ষ্য করা যায়নি। আগে ফলাফল প্রকাশের দিনে শিক্ষার্থী-অভিভাবকদের মিলন মেলায় রূপান্তরিত হতো স্কুলগুলো। কিন্তু এবার অনেক স্কুলে অনেকটা শুনশান নীরবতা বিরাজ করছে। ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা নেই বললেই চলে, নেই আনন্দ-উল্লাসও। সরকারি দৌলতপুর মুহসিন স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এ গ্রেড পাওয়া ছাত্র ইসমাইল হোসেন নাঈম বলেন, বাবার মোবাইলের এসএমএস-এর মাধ্যমে ঘরে বসেই আমি ফলাফল জানতে পেরেছি। তাছাড়া স্কুলে যাওয়ার ব্যাপারে কোন তাগাদা ছিল না। তাই স্কুলে যাইনি। সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী আজমল হুসনা সহিনীর বাবা মো. শহিদুর রহমান বলেন, এখনকার বাচ্চারা প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। পরীক্ষার ফলাফল অনলাইনে দেখবে। সোশ্যাল মিডিয়ায় আনন্দ করবে। কিন্তু ফলাফলের দিন ক্যাম্পাসে এলেও কোনো আনন্দ-উচ্ছ্বাস নেই।একই বিদ্যালয় থেকে এবারের এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া আয়েশা সাবিহা আশার মা বলেন, আমার মেয়ে স্কুলে এসেছে। ভালো ফলাফল করেছে কিন্তু ওরা কেন যেন উচ্ছ্বাস করতে চায় না। আমাদের সময় পরীক্ষার ফলাফল দেওয়ার দিন ছিল উৎসবের দিনের মতো। কত আনন্দ হতো সে সময়। সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাম্মৎ মাকামী মাকসুদা বলেন, শিক্ষার্থীদের এখন আর স্কুলে এসে ফলাফল জানতে হয় না। স্কুলে ফলাফল আসার আগেই তারা রেজাল্ট জেনে যায়। যার কারণে তাদের মধ্যে সেই আনন্দ আর থাকে না। ক্যাম্পাসে যেসব ছাত্রীদের দেখা যাচ্ছে তাদের ফোন করে আনা হয়েছে যাতে ফলাফল প্রকাশের দিন বিদ্যালয়ে কিছু ছাত্রী অনন্ত উপস্থিত থাকে।এবার এসএসসি পরীক্ষায় পাসের হারে দেশসেরা হয়েছে যশোর শিক্ষা বোর্ড। আর যশোর বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ১২ শতাংশ নিয়ে সেরা অবস্থানে সাতক্ষীরা জেলা। দ্বিতীয় অবস্থানে খুলনা। অপরদিকে যশোর বোর্ডে পাসের হারে তলানীতে রয়েছে মেহেরপুর। মেহেরপুরের পাসের হার ৮৪ দশমিক ৯৬ শতাংশ। রোববার প্রকাশিত যশোর শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।প্রকাশিত ফলাফলে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় সাতক্ষীরা জেলা থেকে অংশ নেয় ১৭ হাজার ১১৬ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৪৫২ জন শিক্ষার্থী। এ জেলায় পাসের হার ৯৬ দশমিক ১২ শতাংশ। এছাড়া খুলনা জেলার পাসের হার ৯৪ দশমিক ৬০, বাগেরহাটের পাসের হার ৯১ দশমিক ২৭, কুষ্টিয়ার পাসের হার ৯১ দশমিক ৩৫, চুয়াডাঙ্গার পাসের হার ৯০ দশমিক ৮২, যশোরের পাসের হার ৯৪ দশমিক ২২, নড়াইলের পাসের হার ৯৩ দশমিক ২৪, ঝিনাইদহের পাশের হার ৮৯ দশমিক ৫৯ ও মাগুরার পাসের হার ৯১ দশমিক শূন্য ৯।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button