স্থানীয় সংবাদ

নগরীর কামারশালায় ব্যস্ততা

টুংটাং শব্দ জানান দিচ্ছে ঈদুল আযহার আগমনী বার্তা

মুশফিকুর রহমান মেহেদী : মাত্র নয় দিন পরেই মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ উৎসব ঈদ-উল-আযহা। ত্যাগের মহিমায় এই উৎসব তথা কুরবানীকে ঘিরে চলছে নানা প্রস্তুতি। পছন্দের পশুকে কোরবানির মাধ্যমে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। তবে কোরবানিকে কেন্দ্র করে ব্যস্ত হয়ে উঠেছে খুলনার কামাররা। সারাদিন টুংটাং শব্দ জানান দিচ্ছে ঈদুল আযহার আগমনী বার্তা।
এক সময়ে মোড়ে মোড়ে কামারদের দেখা মিললেও, প্রযুক্তির সহজলভ্যতায় কমেছে কামারের দোকান। বাপ-দাদার পুরানো এই ব্যবসা টিকিয়ে রেখেছে গুটি কয়েক কামারেরা। সারা বছর অপেক্ষায় থাকা কামারেরা যেন ব্যস্ত হয়ে পড়েছেন এখন। খন্ডিত লোহা দ্বারা তৈরি করছেন ছুরি, চাপাতিসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম।
বছরের অন্যান্য সময় লোহার সামগ্রীর কদর কম থাকলেও ঈদুল আযহার আগে তাদের দম ফেলার সময় থাকে না। বিভিন্ন আকারের ছুরি চাপাতি, দা, বটিসহ নানার লোহা সামগ্রীর অর্ডার নিয়ে কাজে ব্যস্ত সময় পার করছেন এসকল কামাররা।
খুলনার অন্যান্য স্থানের মত দৌলতপুরের মীনাক্ষী হল সংলগ্ন একটি কামারের দোকানে দেখা যায় এমন চিত্র। এখানে কর্মরত একজন কামার বলেন, “ঈদের এই কয়টা দিন কাজের প্রচন্ড চাপ। সারা বছরের মধ্যে এমন চাপ আর কখনো হয় না। ”
তবে এ বছর ছুরি, চাপাতিসহ দা এর দাম অনেক বেশি থাকায় পুরনো সরঞ্জাম দিয়েই কাজ চালাবেন বলে জানান ক্রেতারা।
এ বছর দা বিক্রি হচ্ছে ৫০০ থেকে ১ হাজার ২শ’ টাকায়, চাপাতি বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৮০০ টাকা, আকার ভেদে ছুরি বিক্রি হচ্ছে ১০০ থেকে ৪০০ টাকা। বিগত বছরের তুলানায় এবার দাম অনেকটা বেশি। তাই অনেকেই পুরানো দা, চাপাতি ও ছুরি শান দিয়ে নিচ্ছেন।
খুলনা রুপসার কামার ও লোহা সামগ্রী ব্যবসায়ী নিতাই বলেন, বিগত বছরের তুলনায় এবছর কাজের চাপ বেশি। দা, চাপাতি ও ছুরির চাহিদা বেশী থাকলেও লোহার দাম বৃদ্ধি পাওয়ায় নতুন সামগ্রী কেনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারা।
নাজমুল হুদা নামক একজন ক্রেতা বলেন, “আগের বছরের চাপাতি ও ছুড়ি মরিচা ধরে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম, তারপরও পুরনো এ সকল সামগ্রী দিয়েই এবারের কাজ চালাতে হবে।
স্কুল শিক্ষক সোহেল খান বলেন, প্রতি বছর যদি এভাবে দাম বাড়তে থাকে তাহলে মধ্যবিত্তদের অসুবিধায় পড়তে হয়। তবে দিন দিন অস্তিত্ব সংকট নিয়ে প্রশ্ন ওঠা কামার শিল্পের প্রতি সরকারের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান কামাররা। তারা জানান, সরকারি সহায়তা ও আর্থিক অনুদানে উপকৃত হবেন।
এ বিষয়ে বিসিক’র কর্মকর্তা কৃষ্ণ পদ মল্লিক বলেন, এ সকল কামার- ব্যবসায়ীরা ক্ষুদ্র ও কুটির শিল্পের আওতায় পড়লেও খুলনায় এদের নিয়ে তেমন কোন প্রকল্প চালু হয়নি। তবে ব্যক্তিগতভাবে কেউ ঋণ অথবা কোন সরকারি সুযোগ নিতে চাইলে আমরা সর্বাত্মক চেষ্টা করব।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button