জাতীয় সংবাদ

ভারত থেকে ভেসে এলো শিশুর লাশ

প্রবাহ রিপোর্ট : ভারত থেকে যমুনা নদী দিয়ে বাংলাদেশ সীমানায় এক শিশুর (১০) লাশ ভেসে এসেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেন বর্ডার গার্ড বাংলাদেশের (নীলফামারী বিজিবি-৫৬) সদস্যরা। গত মঙ্গলবার রাতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বাহিনীর পতাকা বৈঠক শেষে লাশটি হস্তান্তর করা হয়। এর আগে বিকেলে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের উত্তর খালপাড়ার সীমান্ত এলাকার যমুনা নদীতে ভারত থেকে লাশটি ভেসে আসতে দেখে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। তবে ওই শিশুর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে চাকলাহাট ইউনিয়নের উত্তর খালপাড়া এলাকায় ওই শিশুর লাশ ভেসে আসে। স্থানীয় এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি এসে লাশটি উদ্ধার করে। শহিদুল ইসলাম নামে স্থানীয় ইউপি সদস্য বলেন, লাশটি ভারত থেকে ভেসে আসে। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে আমাদের ও বিজিবিকে খবর দেয়। নীলফামারী ৫৬ বিজিবির অধীনে থাকা পঞ্চগড়ের জয়ধরভাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ে সংক্ষিপ্ত বৈঠক হয়। পরে ওই শিশুর লাশ বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button