জাতীয় সংবাদ

মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের কর্মসূচিতে আ. লীগ-পুলিশের বাধা

প্রবাহ রিপোর্ট : মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও পুলিশের বিরুদ্ধে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উপজেলা বাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি করার কথা ছিল। তবে বিক্ষোভ প্রতিরোধে বাজারে আগে থেকে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে শিক্ষার্থীরা উপজেলার বাজার থেকে হাসপাতাল বাইপাস সড়কে অবস্থান নিয়ে জড়ো হতে থাকেন। বিকেল সাড়ে ৩টার দিকে এসে বাধা দেন আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ। এ সময় তাদের ফেস্টুন ও প্ল্যাকার্ড ছিনিয়ে নেওয়া হয়। পরে দুই শিক্ষার্থীর মোবাইল জব্দ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে তারা টঙ্গিবাড়ীতে জড়ো হন। এ সময় উপজেলা ভাইস-চেয়ারম্যান নাহিদ খান এসে তাদের বুঝিয়ে বাসায় চলে যেতে বলেন। তবে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম বাদলসহ কয়েকজন তাদের ওপর ক্ষিপ্ত হয়ে চড়-থাপ্পড় দেন। পরে বাধ্য হয়ে যে যার মতো বাড়ি ফিরে যান। এ বিষয়ে হেদায়েতুল ইসলাম বাদল বলেন, টঙ্গিবাড়ী একটি শান্তিপূর্ণ জায়গা। এখানে ওরা আন্দোলন করার সাহস পেল কোথা থেকে? টঙ্গিবাড়ী থানার ওসি মোল্লা শোহেব আলী বলেন, ১৪-১৫ জন ছাত্র সেখানে ছিল। আমাদের দেখেই তারা চলে গেছে। এক ছেলের মোবাইল রাখা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button