জাতীয় সংবাদ

ধীরগতিতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে: পাউবো

প্রবাহ রিপোর্ট : দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চলের নদ-নদীর পানির সমতল কমছে। ফলে ধীরগতিতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। গতকাল শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতল ধীরগতিতে কমছে। গত একদিনে (গতকাল শুক্রবার বিকেল ৩টা থেকে আগের ২৪ ঘণ্টা) পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাসমূহে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং উজানের নদ-নদীর পানি সমতল কমতে শুরু হয়েছে। ফলে বর্তমানে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হচ্ছে। আবহাওয়া সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, আজ শনিবার বিকেল পর্যন্ত দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের আভাস নেই। এ সময় উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এ ছাড়া দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় এ অঞ্চলের ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী, হালদা ইত্যাদি নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। গত দুদিনেরে বন্যায় বিপর্যস্ত ১২ জেলা। এতে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি এতটাই নাজুক অবস্থার সৃষ্টি করেছে যে ফেনীতে উদ্ধারকাজও ব্যাহত হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে পাউবোর স্টেশন। আবহাওয়া অধিদপ্তরের স্থানীয় স্টেশন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button