রূপসার হোসেনপুর দাখিল মাদ্রাসায় নৈরাজ্যকর পরিবেশ : নিরাপত্তাহীনতায় সুপার

অন্যায়ভাবে সুপারকে বহিষ্কারের ঘোষণা
থানায় জিডি, ডিসির নিকট অভিযোগ দায়ের
স্টাফ রিপোর্টার ঃ রূপসা এ.বি.সি.ডি.এস হোসেনপুর দাখিল মাদ্রাসায় ষড়যন্ত্রমূলকভাবে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করার অভিযোগ পাওয়া গেছে। এ কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন মাদ্রাসা সুপার শেখ মোঃ শাহাবুদ্দিন। উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক অন্যায়ভাবে জনসম্মুখে সুপারকে বহিষ্কার করে সহ সুপারকে ভারপ্রাপ্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। এতে সেখানে বিশৃঙ্খল ও নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করে মাদ্রাসা সুপারকে হুমকী ও প্রবেশ পথে বারান্দার গ্রীলে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে আইনী ব্যবস্থা নিতে ৮ সেপ্টেম্বর রূপসা থানায় জিডি এবং ৯ সেপ্টেম্বর ডিসির নিকট অভিযোগ দায়ের করেছেন মাদ্রাসা সুপার মোঃ শাহাবুদ্দিন।
অভিযোগ সূত্রে জানা গেছে, রূপসা উপজেলাধীন, ২নং শ্রীফলতলা ইউনিয়নে অবস্থিত এ.বি.সি.ডি.এস. হোসেনপুর দাখিল মাদ্রাসায় নৈরাজ্যকর পরিবেশের বিষয়ে রূপসা উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মরণাপন্ন হন মাদ্রাসা সুপার শেখ মোঃ শাহাবুদ্দিন। এরপর কর্মস্থলে নিরাপত্তার বিষয়ে নির্বাহী অফিসার অপারগতা প্রকাশ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে আবেদন করার পরামর্শ দেন। শান্তি শৃঙ্খলার্থে প্রয়োজনীয় ব্যবস্থার নেওয়ার জন্য রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট আবেদন করে সংশ্লিষ্ট কার্যালয়ে অনুলিপি প্রেরণ করা হয়। গত ১৯ আগস্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইরিন পারভিনের কার্যালয়ে সাক্ষাৎ না পাওয়ায় ফোনে আবেদনের বিষয়ে তিনি কথা না বলে রুঢ় কণ্ঠে তাকে পদত্যাগে জোর করতে থাকেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, মোঃ মহাসিন আলম ও সহ সুপার গোলাম রব্বানির সাথে যোগাযোগ রেখে ২৫ আগস্ট কর্মস্থলে উপস্থিত হয়ে জনসমক্ষে শিক্ষা অফিসার তার ঘোষণায় বলেন, সুপারকে বহিষ্কার ও সহ সুপারকে ভারপ্রাপ্ত করা হলো। তার ঘোষণায় সেখানকার বিশৃঙ্খলা ও নৈরাজ্য প্রভাবিত হওয়ায় তখন থেকে দুষ্ট চক্র বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মাদ্রাসা সুপার শেখ মোঃ শাহাবুদ্দিনকে কর্মস্থলে প্রবেশ রোধসহ জীবননাশের হুমকিসহ প্রবেশ পথে বারান্দার গ্রীলে তারা তালা ঝুলিয়ে দেয়। এতে মাদ্রাসা সুপার শেখ মোঃ শাহাবুদ্দিন কর্মস্থলের নিরাপত্তা হুমকীর মধ্যে পড়েন। মাদ্রাসার পরিবেশে বিশৃঙ্খলাকে উক্ত শিক্ষা অফিসার সর্বাবস্থায় প্রভাবিত করছেন বলেও অভিযোগ করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, মাদ্রাসা সুপার শেখ মোঃ শাহাবুদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত রুপসা থানার মামলায় (নং জি.আর-২৭/১৫) অসত্য তথ্য উল্লেখ করা হয়। এর প্রতিকারে তার আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রারের কার্যালয়ের তদন্তের গুরুত্ব না দিয়ে উক্ত শিক্ষা অফিসার ২০১৫ সাল থেকে সুপারের জীবনের দীর্ঘ ৭টি বছর বিচ্ছিন্ন করে মানবেতর জীবন-যাপনে বাধ্য করেছেন।
আরও উল্লেখ করা হয়, গত ২৫ আগস্ট উক্ত শিক্ষা অফিসারের ঘোষণায় এবং তার পৃষ্ঠপোষকতায় ইতিমধ্যে গোলাম রব্বানি ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের সীল ব্যবহার করে শিক্ষক-কর্মচারীর আগষ্ট মাসের বেতন বিল অন্যায় ভাবে প্রস্তুত করে মাদ্রাসা সুপার শাহবুদ্দিনের নামে ৪০হাজার ২৯৮ টাকার বিপরীতে ২৭হাজার ২৫৫ টাকা বিল দাখিল করে শৃঙ্খলা ভঙ্গ করেছেন।


