ডেঙ্গু আক্রান্ত হয়ে ডুয়েট শিক্ষার্থীর মৃত্যু

প্রবাহ রিপোর্ট ঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আল আমিন নামে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। আল আমিন ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তার সহপাঠী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে আল আমিনসহ কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গত সোমবার রাত ১০টার দিকে আল আমিনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রাত সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়। ডুয়েটের প্রশাসন ও সহপাঠীরা আল আমিনের লাশ টাঙ্গাইল গ্রামের বাড়ি নিয়ে গেছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক কামরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।



