ঘূর্ণিঝড় দানা’র ক্ষতি এড়াতে খুলনায় প্রস্তুত আশ্রয়কেন্দ্রগুলো

আশ্রয় পাবে অন্তত ৩ লাখ ১৫ হাজার মানুষ
স্টাফ রিপোর্টার : রেমালের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে উপকূলীয় জেলাগুলোতে আতঙ্ক হয়ে এসেছে ঘূর্ণিঝড় দানা। বুধবার দুপুর থেকে দানা’র প্রভাব শুরু হয়েছে। বঙ্গোবসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নি¤œচাপটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূণিঝড় দানা’য় পরিণত হয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে খুলনাসহ উপকূলীয় এলাকাগুলোতে। আসন্ন ঘূণিঝড় দানা’র ক্ষয়ক্ষতি এড়াতে খুলনা জেলা প্রশাসন পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছে। ৬০৪টি আশ্রয়কেন্দ্র ছাড়াও প্রস্তত রয়েছে পাঁচ সহস্রাধিক স্বেচ্ছাসেবকও। আশ্রয় কেন্দ্রগুলোতে অন্তত ৩ লাখ ১৫ হাজার মানুষ থাকতে পারবে। এ ছাড়া ৩টি মুজিব কিল্লায় ৪৩০ জন মানুষ ও ৫৬০টির মত গবাদি পশু রাখা যাবে। উপকূলীয় উপজেলা কয়রা, দাকোপ ও পাইকগাছায় সিপিবির ৫ হাজার ২৮০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সূত্রমতে, ঘূর্ণিঝড় দানা ২৪ ই অক্টোবর সন্ধ্যা থেকে ২৫ অক্টোবর দুপুরের মধ্যে উপকূলের যে কোন স্থানে আঘাত আনতে পারে। বাড়তে পারে বৃষ্টির প্রভাবও। বুধবার রাত ১০ টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে মংলা বন্দরে ৩ নং সতর্কতা সংকেত দেখানো হয়েছে।
জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিম বলেন, ঘূর্ণিঝড় দানা’র ক্ষতি মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্বক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সব দপ্তরকে ঘূর্ণিঝড় মোকাবেলায় জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্যও বলা হয়েছে। ইতোমধ্যে উপকূলীয় এলাকায় সতর্কতায় মাইকিং করা শুরু হয়েছে। শুকনো খাবার, ওষুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও নগদ টাকা প্রস্তত রাখা হয়েছে। প্রস্তত রয়েছে স্বাস্থ্য বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ, নৌ বাহিনী, কোস্টগার্ড, পানি উন্নয়ন বোর্ড।
এদিকে, ঘূর্ণিঝড় ‘ডানা’ এর প্রভাবে সম্ভাব্য দুর্যোগ বিবেচনায় নিয়ে খুলনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন ।
সভায় জানানো হয়, ঘূর্ণিঝড়কালে দুর্যোগ মোকাবেলায় জেলায় ছয়শত চারটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। কেন্দ্রগুলোয় মানুষের অবস্থান করার মতো পরিবেশ নিশ্চিতে কাজ করা হচ্ছে। খুলনার বিভিন্ন উপজেলায় ১০ থেকে ১২ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সে স্থানগুলোয় নজর রেখে প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। দুর্যোগকালে স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, আইনশৃঙ্খলারক্ষার মতো জরুরিসেবা নিশ্চিতে ব্যবস্থা নেয়া হয়েছে।
সভায় সিভিল সার্জন ডাঃ শেখ সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোঃ হাফিজুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিম-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।



