জাতীয় সংবাদ

সেনাবাহিনী-পুলিশের গাড়িতে আগুন : ৫ আসামি কারাগারে

প্রবাহ রিপোর্ট : রাজধানীর মিরপুরে কচুক্ষেত এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া আসামিরা হলেন- আলমগীর, রেশমা খাতুন, মাহফুজ মিয়া, আমিনুল ইসলাম ও কাজী রাসেল। গতকাল রোববার তাদের ঢাকার চিফ মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফরহান ইশতিয়াক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত শনিবার সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে পাঁচ দুষ্কৃতকারীকে ভাষানটেক ও কাফরুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পাঁচ আসামির মধ্যে মাহফুজ মিয়া ও আমিনুল ইসলামকে কাফরুল থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আলমগীর, রেশমা ও রাসেলকে গ্রেপ্তার দেখানো হয় ভাষানটেক থানার মামলায়। রাজধানীর মিরপুর-১৪ নম্বর কচুক্ষেত সড়কে গত ৩১ অক্টোবর দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের এ ঘটনায় ভাষানটেক ও কাফরুল থানায় পৃথক দুটি মামলা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button