বাগেরহাটে ব্যবসায়ীর বসতবাড়ী লুটের অভিযোগে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি ঃ নিয়োগ বানিজ্যসহ নানা অনিয়ম দুর্নীতিতে আলোচিত বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির অঞ্জন কুমার দাশের বিরুদ্ধে জোর করে জমি দখল ও বসত বাড়িতে হামলা ও মালামাল লুটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। জেলার ফকিরহাট উপজেলার চাঁদেরডোন গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী শুসান্ত কুমার দাস শনিবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সংবাদকর্মীদের নানা প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁদেরডোন গ্রামের বাসিন্দা এবং বাগেরহাট বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির অঞ্জন কুমার দাশ ও তার লোকজনের সাথে দীর্ঘদিন ধরে আমাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই জমি দখলের জন্য বিভিন্ন সময় অঞ্জন কুমার দাশ হুমকি দিচ্ছিল। এর ধারাবাহিকতায় ১২ নভেম্বর রাত ৮ টার দিকে অঞ্জন কুমার দাশ, চন্দন কুমার দাশ, বিদ্যুৎ দাশ, সংকোজ দাশ, উজ্জল দাশ, সত্যজিৎ দাশ ও ইকবাল মোড়ল চাদেরঢোন গ্রামে আমাদের বসত বাড়ির সামনে এসে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বসত বাড়িতে হামলা করে। গালিগালাজ করতে করতে জোরপূর্বক আমাদের ঘরে প্রবেশ করে। তারা আমার বোনের ছেলে বালক দাশের কম্পিউটার, সিলিং ফ্যান, ওয়াইফাই রাউটার, চেয়ার, টেবিল, নারকেল সুপারি, এলইডি টিভি ও মুরগীর ফার্ম থেকে ব্রয়লার মুরগী লুটে নিয়ে যায়। যাওয়ার সময় অঞ্জন কুমার দাশ বলে যায়, জমি না ছাড়লে এবং এসব নিয়ে মামলা মোকদ্দমা করলে আমাদের প্রাণে মেরে ফেলা হবে। এরপর সদরের চুলকাঠি বাজারে থাকা আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক ২০০ বস্তা সেভেন রিংস সিমেন্ট নিয়ে যায়। এ বিষয়ে আদালতের নাজির অঞ্জন কুমার দাশ বলেন, আমি কারো বাড়িতে হামলা করিনি। কারও জমি দখলের চেষ্টাও করিনি। তাদের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে, তাই এসব মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে।



