দাফনের সাড়ে তিন মাস পর কবর থেকে লাশ উত্তোলন

প্রবাহ রিপোর্ট : নারায়ণগঞ্জের আড়াইহাজারে দাফনের সাড়ে তিনমাস পর আদালতের নির্দেশে কবর থেকে বাবুল মিয়া নামে বিএনপির এক নেতার লাশ উত্তোলন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুনের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। মামলার এজাহারে অনুযায়ী, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সচেতন নাগরিক হিসেবে অংশ নেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবুল মিয়া বাবুল মিয়া। ওইদিন সন্ধ্যা সাতটার দিকে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে বাবুল মিয়াকে কালীবাড়ী বাজার থেকে তুলে নিয়ে দুপ্তারা ঈদগাহ মাঠে হত্যা করা হয়। পরে এ ঘটনায় গত ২২ আগস্ট হত্যা মামলা করেছেন ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। মামলায় সাবেক প্রধামমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, সাবেক এমপি কায়সার হাসনাত আবদুল্লাহসহ ১৩১ আসামির নাম উল্লেখ করা হয়। এছাড়া ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বাদীর আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলনের আবেদন করা হয়। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মানুনের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।



