স্থানীয় সংবাদ

ময়লাপোতা মোড়ের সৌন্দর্য বর্ধন নিয়ে সিদ্ধান্তহীনতায় কেসিসি

বিতর্কিত প্রকল্প বাতিলের দাবি নগরবাসীর

স্টাফ রিপোর্টার : নগরীর গুরুত্বপূর্ণ ময়লাপোতা মোড়-সড়ক সংকুচিত করে সৌন্দর্য বর্ধনের নামে পতিত আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে করা নকশার নির্মাণ কার্যক্রম দু’দিন ধরে বন্ধ রয়েছে। কিন্তু কাজ বন্ধ করেই বসে আছে কেসিসি। এ বিষয়ে এখনও পর্যন্ত কোন সিদ্ধান্ত নিতে পারেনি প্রকল্পের কর্তা-ব্যক্তিরা। এদিকে, বিতর্কিত ও কথিত উন্নয়ন প্রকল্পটি বাতিল করে সড়ক উন্মুক্ত রেখে নতুন প্রকল্প গ্রহণের দাবি জানিয়েছেন নগরবাসী। প্রকল্পের পরিচালক ও খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান এ প্রতিবেদককে বলেছেন, কেসিসি’র প্রশাসক ও বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। কিন্তু গত দু’দিন ধরেও তিনি এ বিষয়ে আলাপ-আলোচনা করতে সক্ষম হননি। এর আগে কথিত ফ্যাসিবাদচেতনায় নৌকার আদলে করা নকশায় সৌন্দর্য বন্ধনের নামে নগরীর গুরুত্বপূর্ণ ময়লাপোতা মোড়-সড়ক সংকুচিত করার কাজ শুরু হয়। ফলে যানজট এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করতে শুরু করে সেখানে। সারাক্ষণই লেগে থাকছে যানজট। এ কারণে নকশার পরিবর্তনের দাবিতে নগরীতে ছাত্র-জনতা তীব্র আন্দোলন শুরু করে। নকশা পরিবর্তনের দাবিতে তারা কেসিসি ঘেরাও’র হুঁশিয়ারি দেন। কিন্তু ছাত্র-জনতার দাবীকে উপেক্ষা করে অতিরিক্ত শ্রমিক লাগিয়ে রাত-দিন তড়িঘড়ি করে দ্রুত এর নির্মাণ কাজ সম্পন্ন করার অপচেষ্টায় লিপ্ত হন সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে প্রবাহে সচিত্র প্রতিবেদন প্রকাশ এবং আন্দোলনের মুখে ২৪ নভেম্বর থেকে কাজ বন্ধ করে কেসিসি। এ প্রসঙ্গে খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার বলেন, সরকারি কর্মকর্তার চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ নগরবাসীর সঙ্গে মুক্ত আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। একই সঙ্গে জিরোপয়েন্ট-ময়লাপোতা চারলেন সড়কটি নগরীর পাওয়ার হাউজ মোড় পর্যন্ত বর্ধিত করার দাবি জানান তিনি। নিরাপদ সড়ক চাই-নিসচা খুলনা মহানগর সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন বলেন, কোনভাবেই সড়ক বন্ধ করা যাবে না। নগরবাসীর সম্মিলিত মতামতের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অন্যথায় আবারও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। স্বৈরাচারের দোসর ও আমলাদের চাপিয়ে দেওয়া কোন সিদ্ধান্ত খুলনাবাসী মেনে নেবে না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button