যশোরে ককটেল বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার গ্রেফতার ৪

যশোর ব্যুরো ঃ যশোরে ডাকাতির প্রস্তুতিকালে ককটেল বোমা ও দেশীয় অস্ত্রসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ৮ ডিসেম্বর গভীর রাতে যশোর সদর উপজেলার মন্ডলগাতি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার ৯ ডিসেম্বর দুপুর ৩ টায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে এক ব্রিফিং এ তথ্য জানান পুলিশ। আটককৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকার কবির হোসেনের ছেলে মুরাদ হোসেন, মন্ডলগাতি গ্রামের মৃত মনসুর আলীর ছেলে শুকুর আলী, কৃষ্ণবাটি গ্রামের জাহাঙ্গীর কবিরের ছেলে ফয়সাল ও যশোর শহরের রায়পাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে জিসান।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ দেবব্রত হরি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যশোর সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের ৭০ ঘর বস্তির একটি পরিত্যক্ত ঘরে কতিপয় চিহিৃত সন্ত্রাসী ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে। এরপর সেখানে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় সন্ত্রাসী ঘরের পিছনে খালের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। তবে সেখান থেকে ২জনকে হাতে নাতে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ২টি বার্মিজ চাকু, ৬টি ধারালো দেশীয় অস্ত্র, ৪টি ককটেল বোমা, বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের দেয়া তথ্য মতে ওই এলাকা থেকে আরো ২জনকে আটক করা হয়। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আলাদা দু’টি মামলায় আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালতের বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশে দেন।



