চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

প্রবাহ রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাবিল (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত হাবিল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোল্লাটোলা গ্রামের বেলালের ছেলে। চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ কাউসার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল শনিবার সকাল ৭টার দিকে বিএসএফের গুলিতে আহত একজন হাসপাতালে এসেছিলেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেকে) রেফার্ড করা হয়েছে। হাবিলের বুকের এক অংশে গুলি লেগেছে বলে জানান তিনি। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস বলেন, গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে (হাবিল) এখানে নিয়ে আসা হয়। আসার সময় শরীরের ডান পাশে পিঠে ব্যান্ডেজ করা ছিল। বর্তমানে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে। অস্ত্রপ্রচার করে গুলি বের করার প্রস্তুতি চলছে। স্থানীয়দের বরাতে শাহবাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য কাসেদ আলী বলেন, গতকাল শনিবার ভোররাতে গমক্ষেতে পানি দিতে যান হাবিল। এই সময় তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি ছুড়লে আহত হন। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে বিজিবি ও জনপ্রতিনিধিরা সীমান্তে সন্ধ্যা ৬টার পর না যাওয়ার নির্দেশনা দিয়েছে। এমতাবস্থায় ওই সময়ে তার সেখানে যাওয়া অগ্রহণযোগ্য। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, রাত সাড়ে ৩টার দিকে ৬-৭ জন মাদক কারবারি ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় গুলির শব্দ পাওয়া যায়। তবে কেউ আহত হয়েছে কিনা আমার জানা নেই।



