সাগরদাঁড়ির মধুমেলায় সংঘর্ষ আহত ৫

কেশবপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের কেশবপুরের সাগরদাঁদাড়ির মধুমেলার তৃতীয় দিন রোববার রাতে মেলার মাঠে মটর সাইকেল নিয়ে ঢোকার সময় বাঁধা দেয়াকে কেন্দ্র করে সাগরদাঁড়ি বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জানা গেছে রোববার রাত সাড়ে সাতটার দিকে সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও মধুমেলার মাঠ ইজারাদার আকরাম হোসেনের ব্যবহৃত মটরসাইকেল নিয়ে তার সহযোগি জুয়েলের ভাই মেলার মাঠে যাওয়ার সময় চিংড়া গ্রামের নওশের আলির ছেলে মিজানুর রহমানের মটর সাইকেল গ্যারেজের সামনে মিজানুর রহমান ও তার লোকজন বাঁশকল দিয়ে মটর সাইকেল আটকিয়ে দেয়। এ ঘটনা জানতে পেরে চিংড়া গ্রামের জুয়েল, আবু সাইদ ও শাহাজ উদ্দিনের নেতৃত্বে ২০/২৫ জন যুবক ঘটনাস্থলে এসে মিজানুর রহমানের লোকজনকে মারপিট শুরু করে। এ সময় মেলার মাঠে আসতে থাকা দর্শনার্থীরা ভয়ে চারিদিকে চুটাছুটি করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। সংঘর্ষে আব্দুল মোমিন, আমিনুর রহমান, আব্দুর রউফ, আলিম দফাদারসহ ৫ জন মারাত্মক জখম হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে ওই রাতেই কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আব্দুল মোমিনের অবস্থা আশংকাজনক। উল্লেখ্য, মিজানুর রহমান ইজারাদার আকরাম হোসেনের নিকট থেকে মটর সাইকেল গ্যারেজ সাব ইজারা নিয়েছেন। সংঘর্ষে জড়িত দু’গ্রুপই বিএনপির সভাপতি আকরাম হোসেনের কর্মী সমর্থক বলে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা জানান। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, সংঘর্ষ চলাকালিন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় কেহ থানায় অভিযোগ করেনি।



