লবনচরায় ২৯৯টি ৫শ টাকার জাল নোটসহ দুই যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ নগরীর সাচিবুনিয়া বিশ^রোড মোড় থেকে ৫০০ টাকা মূল্য মানের ২৯৯টি জাল নোট সহ ২ জনকে গ্রেফতার করেছে লবনচরা থানা পুলিশ। গতকাল (সোমবার) দুপুরে এ অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, পটুয়াখালী মির্জাগঞ্জের রানীপুর এলাকার মৃত এলেম উদ্দিন মৃধার ছেলে আঃ সাত্তার মৃধা(৫৫) এবং টাঙ্গাইল সদরের তোরাবগঞ্জ এলাকার জয়নাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (৩৮)।
পুলিশ জানায়, সোমবার দুপুর ২টা ১০ মিনিটে লবণচরা থানার একটি টিম সাচিবুনিয়া বিশ^রোড মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোংলা-খুলনা মহাসড়কের সাচিবুনিয়া বিশ্বরোড মোড়স্থ “সবুজ ভাইয়ের ভাতের হোটেলের সামনে ফুটপাত থেকে আঃ সাত্তার মৃধা ও সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের ২৯৯টি বাংলাদেশী জাল নোট (১ লক্ষ ৪৯ হাজার টাকা) সহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় গতকাল লবণচরা থানায় স্পেশাল পাওয়ার এক্ট ১৯৭৪ এর ২৫(এ) ধারা মোতাবেক মামলা (যার নং- ২৮) দায়ের করা হয়েছে।



