ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ ময়মনসিংহের মুক্তাগাছায় ফসলের ক্ষেতে পুঁতে রাখা এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দুল্লা ইউনিয়নের নরকুনা গ্রামের সরিষা ক্ষেতের পাশে ফসলি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম মোঃ রিফাত (১৩)। সে একই গ্রামের নরকুনা মধ্যপাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে। মুক্তাগাছা থানার ওসি মোঃ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রিফাত মাঝে মধ্যে ভ্যান চালাতো। গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি তার ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ভাড়া করে আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। রাত ১০টার দিকে তাকে গলা কেটে হত্যা করে নরকুনা গ্রামের একটি ফসলের জমিতে গর্ত করে লাশটি লুকিয়ে রাখে। পরিবারের লোকজন রিফাতকে না পেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় গত রোববার রাতে মিরাজ (২৩) নামে একজনকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, আটক মিরাজ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা। তাকে জিজ্ঞাসাবাদ করে হত্যায় জড়িত অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



