উপাচার্যের আশ্বাসে জাবি শিক্ষার্থীদের অনশন স্থগিত

প্রবাহ রিপোর্ট : উপাচার্যের আশ্বাসে ১৯ ঘণ্টার অনশন স্থগিত করেছেন পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। গতকাল সোমবার ভোর পৌনে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান। অনশন স্থগিত করার পর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, প্রশাসন আমাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে নৈতিকভাবে পোষ্য কোটা বাতিলের আশ্বাস দিয়েছেন। ৩টায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে এ নিয়ে মিটিং করবেন। মিটিংয়ের ফলাফল আমাদের পক্ষে না এলে পুরো বিশ্ববিদ্যালয়ে কোনও কাজ চলবে না। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, প্রশাসন আমাদের সঙ্গে নীতিগত জায়গায় একমত হয়েছে। বিকেল ৩টায় সব পক্ষের সঙ্গে বসে প্রশাসন সিদ্ধান্ত নেবে। প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে যৌক্তিক সমাধান করার। বিকাল ৩টার মিটিংয়ে আলোচনার ফলাফল দেখার শর্তে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করেছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমরা নীতিগত জায়গায় শিক্ষার্থীদের সঙ্গে একমত। বিকাল ৩টার সভায় এই বিষয়ের সমাধান হবে। এতে শিক্ষার্থীরাও খুশি হবেন বলে আশা করছি। উল্লেখ্য, গত রোববার বেলা ১১টার দিকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে ৮ জন শিক্ষার্থী আমৃত্যু অনশন কর্মসূচি শুরু করেন। এরপরে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে এই অনশন কর্মসূচির সঙ্গে যোগ দেন আরও ৬ শিক্ষার্থী।



