খালিশপুরে চোরাই স্বর্ণালংকার নগদ টাকাসহ ৪ চোর গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খালিশপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম গত ৪ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে আলমনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চোরাই স্বর্ণালংকারসহ চার চোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতার হলো, নগরীর খালিশপুর ১২৪ বিআইডিসি রোড গোয়ালপাড়ার বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে তাসমিউল হাসনাত ওরফে রবি (১৯), ২০৩ বিআইডিসি রোড গোয়ালপাড়ার বাসিন্দা রুহুল আমিনের ছেলে মোঃ সোহান হোসেন (২১), আলমনগর চান্দু ইউনুস মোল্লার ছেলে আবদুল্লাহ ওরফে রাহুল (১৯) এবং মংলা হেলিপ্যাড ময়দানের পাশের বাসিন্দা মাসুদ রানার ছেলে ইয়াছিন আরাফাত রায়হান (২০)। গ্রেফতারকৃতদের হেফাজত হতে ১ টি স্বর্ণের নেকলেস, ১টি স্বর্ণের চেইন, ২ টি স্বর্ণের আংটি, ১ জোড়া স্বর্ণের কানের দুল, ৩ টি ছোট স্বর্ণের কানের রিং, ৩ টি মোবাইল এবং নগদ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা নং-৪, তাং-০৪/০২/২৫ খ্রিঃ, ধারা-৩৮০ পেনাল কোড দায়ের করা হয়েছে। ইজিবাইক চালক রাজু হোসেন বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত করছেন এসআই সোবহান মোল্যা। ওসি রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত চারজন উঠতি বয়সী যুবক। খালিশপুর ৩নং ক্যাম্পের পুরাতন কলোনীর বাসিন্দা ইজিবাইক চালক রাজু হোসেন গত ২৭ জানুয়ারী কক্সবাজার স্ব পরিবারে বেড়াতে যান। এ সুযোগে চোরেরা ঘরের বেড়া কেটে এসব মালামাল নিয়ে যায়। এ ঘটনায় রাজু খালিশপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, গত ২৭ থেকে ৩০ জানুয়ারীর মধ্যে চোরেরা এসব মালামাল চুরি করে।



