খুলনায় প্রবাস ফেরত যুবকের হাত-পা কাটা ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : খুলনায় প্রবাস ফেরত মো. সোহেল রানা (৩২) নামে এক যুবকের হাত-পা কাটা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে খুলনা সদর থানাধীন বুড়ো মৌলভীর দরগা মেইন রোডে জনৈক আশরাফুলের ভাড়াটিয়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। রক্তাক্ত লাশটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কেএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু। নিহত সোহেল রানা বরিশালের বন্দর থানাধীন চড়াইচা গ্রামের মৃত আশরাফ শেখের ছেলে। তিনি দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ায় প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছিলেন। নিহতের শ্যালক জানান, তার ভগ্নিপতি সোহেল রানা দক্ষিণ কোরিয়ায় থাকতো। সম্প্রতি দেশে ফিরে একটি মোবাইলের সরঞ্জামের ব্যবসা করার পরিকল্পনা করে। সে এক সন্তানের জনক এবং তার স্ত্রী সন্তান সম্ভবা।
তিনি বলেন, রোববার সকালে সোহেল রানা বরিশাল থেকে খুলনার বাসায় আসে। পরে তার ফোন বন্ধ ছিল। নগরীর শিপইয়ার্ড এলাকার বাসা (শ্বশুর বাড়ি) থেকে তার বোন খবর নেয়ার চেষ্টা করেও পায়নি। পরে নিহতের ভাই-বোনেরা তার বাসায় গিয়ে দরজা ভেঙ্গে তার মৃতদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। কেএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, নিহত সোহেল রানার লাশ যে ঘরে পাওয়া গেছে ওই ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। তার মৃতদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে একটি কাপড় দিয়ে বাঁধা এবং খাটের ওপর একটি চেয়ারও ছিল। এছাড়া তার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা রক্তাক্ত অবস্থায় ছিল। এমনকি রক্তমাখা ছুরিও পাশে পড়ে ছিল। যে কারণে প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এর অন্যতম কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন- সোহেল রানা বিদেশ থেকে পাঠানো টাকা দিয়ে তার বড় ভাই রূপসা সেতু এলাকায় জমি কিনেছিল। কিন্তু ওই জমি নিয়ে সমস্যা থাকায় দখলে যেতে পারছিল না। এ বিষয়ে সে মানসিকভাবে অনেকটা ভেঙ্গে পড়ে।



