ফকিরহাটের বিল্লাল হামলার ২১ দিন পর না ফেরার দেশে

# পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্য সফল #
স্টাফ রিপোর্টার ঃ পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে মোঃ বিল্লাল শেখ (৪৫) এর উপর হামলার ২১ দিন পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানায়, বাগেরহাটের ফকিরহাটের লকপুর ইউনিয়নের জারিয়া বাড়ৈ ডাঙ্গা গ্রামের বিল্লাল শেখের সঙ্গে পার্শ্ববর্তী গফুর শেখের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২১ জানুয়ারি মঙ্গলবার সকালে বিল্লাল শেখ তার নিজ ঘরের মেরামতের কাজ করছিল এ সময় গফুর শেখের নেতৃত্বে হান্নান শেখ ও হাফিজুর শেখ সহ আরো বেশ কয়েকজন এসে বিল্লাল শেখ কে এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে পিছন থেকে রড দিয়ে মাথায় আঘাত করে। এ সময় মারাত্মক আহত বিল্লাল শেখের ডাক চিৎকারে পরিবারের স্বজনরসহ আশপাশের লোকজন এগিয়ে এলে গফুর শেখ তার দলবল নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিল্লাল শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। দীর্ঘ ২০ দিন যাবত নিবিড় পরিচর্যা আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় থাকলেও গতকাল ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটার দিকে সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় বিল্লাল শেখের। ফকিরহাট থানার (ওসি) এসএম আলমগীর কবির বলেন, নিহত বেল্লাল শেখের পরিবারের পক্ষ থেকে ফকিরহাট থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে যথাযথ আইন অনুব্যয় ব্যবস্থা গ্রহণ করব।



