২৪ ফেব্রুয়ারীর মধ্যে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ সম্পন্ন : নতুন কার্ডের ব্যাপারে পরে সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার ঃ সারা দেশে সরকার এক কোটি মানুষকে টিসিবি কার্ডের আওতায় আনবে। এ যাবৎ দেশে ৬৩ লাখ মানুষ এ কার্ডের আওতায় এসেছে। ইতোমধ্যে অর্ধেক স্মার্ট কার্ড জনগণের মাঝে বিতরণ করা সম্ভব হয়েছে। বাকী কার্ডগুলো আগামী ২৪ ফেব্রুয়ারীর মধ্যে গ্রাহকের মাঝে বিতরণ করতে চাই। এ জন্য সকলকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। স্মার্ট কার্ড পেতে যেসব ভোগান্তি হচ্ছে তা সহজিকরনের মাধ্যমে সমস্যা সমাধান করা হবে। পুরাতক কার্ড বিতরণ কার্যক্রম শেষ হওয়ার পর নতুন আবেদনকারীদের কার্ড দেয়া হবে। গতকাল রাত ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ে খুলনা জেলার টিসিবির ডিলার ও অংশীজনের সাথে মত বিনিময় সভায় বাণিজ্য এবং পাট ও বস্ত্র উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ পিএসসি। সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) নূরুল হাই মোহাম্মদ আনাছ, কেসিসির সচিব শরীফ আসিফ রহমান, কেসিসির রাজস্ব অফিসার এসকেএম তাছাদুজ্জামানসহ ডিলার, ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র প্রতিনিধিরা অংশ নেন। কেসিসির সচিব জানান, খুলনা নগরীর ৩১টি ওয়ার্ডে টিসিবির বরাদ্দকৃত উপকার ভোগীর সংখ্যা ৮৫ হাজার ৩শ’ ৫১ জন। সরবরাহকৃত উপকারভোগী কার্ডের সংখ্যা ৫৩ হাজার ৮শ’ ৭২ জন। বিতরণকৃত স্মার্ট কার্ডের সংখ্যা ৩৮ হাজার ১শ’ ৬০টি। অপেক্ষামান কার্ডের সংখ্যা ১৫ হাজার ৭শ’ ১২টি। এই প্রায় ১৬ হাজার ভূলে ভরা কার্ডের সরবরাহ শেষ করতে হবে আগামী ২৪ ফেব্রুয়ারীর মধ্যে। এমনই সিদ্ধান্ত দিয়েছেন উপদেষ্টা।



