দীর্ঘ ১৬বছর পর আজ নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

নড়াইল প্রতিনিধি ঃ
দীর্ঘ ১৬ বছর পর আজ ১৬ ফেব্রুয়ারী প্রকাশ্যে নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রবিবার দিনব্যাপী দুইপর্বে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে নড়াইল সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বে দুপুরে জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং সম্মেলন উদ্বোধন করবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান। জানাগেছে, দ্বি-বার্ষিক এই নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪জন প্রতিদ্বন্ধিতা করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন জেলা বিএনপির বর্তমান সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও জেলা কমিটির বর্তমান সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা শাহরিয়ার রিজভী জজ ও কামরুল ইসলাম। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন এ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, ইজাজুল হাসান বাবু, টিপু সুলতান ও এস এম ফেরদৌস। নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং নড়াগাতি থানার মোট ৭টি ইউনিটের ৭০৭ জন কাউন্সিলর এ সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচন করবেন। প্রার্থীরা কাউন্সিলরসহ সবার দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন মোড়ে মোড়ে পোষ্টার, ব্যানার ও বিল বোর্ড লাগিয়েছেন। এছাড়া তারা কাউন্সিলরদের ভোট পেতে দিন-রাত তাদের কাছে ছুটে যাচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৩ অক্টোবর নড়াগাতি থানা, ২৬ অক্টোবর লোহাগড়া থানা ও পৌর, ২৭ অক্টোবর সদর থানা, ১৭ নভেম্বর কালিয়া থানা ও পৌর এবং ২০২৫ সালের ১৮ জানুয়ারী নড়াইল পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। এসব কাউন্সলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সরাসরি গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নেতা নির্বাচন করা হয়। পরে প্রত্যেক ইউনিটের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়। তবে এসব পূর্ণাঙ্গ নির্বাহী কমিটিকে বিতর্কিত ও আওয়ামীপন্থি আখ্যা দিয়ে ১১ ফেব্রুয়ারী লোহাগড়া এবং ১২ ফেব্রুয়ারি কালিয়া থানা ও পৌর বিএনপির পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছেন। নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সম্মেলন প্রসঙ্গে বলেন, দলীয় হাই কমান্ডের নির্দেশে ৭টি ইউনিটের নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৬ ফেব্রুয়ারী জেলা বিএনপির সম্মেলন। সম্মেলনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, জেলা বিএনপির শীর্ষ পদ পেতে নেতারা এখন ভোটের রাজনীতিতে ব্যস্ত।



