বাগেরহাটে পানির দামে বিক্রি হচ্ছে টমেটো : এক’শ টাকায় পাওয়া যাচ্ছে এক মন

চুলকাটি প্রতিনিধি ঃ বাগেরহাটে পানির দামে বিক্রি হচ্ছে টমেটো। ২- ৫ টাকা কেজি দরে কৃষকরা বাজারে পাইকারি বিক্রি করছে। আর দোকানদাররা ক্রেতাদের কাছে ১০ টাকায় বিক্রি করছে ১ থেকে ৩ কেজি। জানা যায়, মাত্র ১৫-৩০ দিন আগে যেখানে কাচা তরকারির বাজারের উচ্চ দামে নাভিশ্বাস উঠছিল ক্রেতাদের। টমেটো বিক্রি হচ্ছিল প্রথম দিকে ১০০/১২০ টাকা কেজি, মাঝের দিকে ৪০-৬০ টাকা কেজি আর এখন ঐ সময়ের ১ কেজির দামে পাওয়া যাচ্ছে প্রায় এক মন। আবার ফুল কপি যেখানে ৪০-৬০ টাকা দামে বিক্রি হচ্ছিল, এখন তা’ পাইকারি বিক্রি ২-৫ টাকা দরে প্রতি পিচ। যেন ঠিক বিপরীত তখন উচ্চ দামে দিশেহারা হয়ে পড়ছিল ক্রেতা সাধারণ আর এখন পানির দামে বিক্রি হওয়ায় সাধারণ ক্রেতাদের জন্য সহজলভ্য হলেও মাথায় হাত উঠছে চাষীদের। প্রথম দিকে যে সব চাষীরা ফসল উৎপাদন করতে সক্ষম হয়েছে তারা সফল হয়েছে। উৎপাদন খরচ বাদ দিয়েও বেশ লাভবান হয়েছে। কিন্তু ফসলের দাম কমে যাওয়ায় চাষীদের উৎপাদন খরচও উঠছে না। বাগেরহাট সদর উপজেলার ক্ষুদ্র চাকশ্রী গ্রামের মোজাফফর নামের এক কৃষকের সাথে শুক্রবার সকালে সিএন্ডবি বাজারে কথা হয়। তিনি জানান, সে প্রায় ৫ মন টমেটো ও কপি বাজারে বিক্রির উদ্দেশে আনে সব টমেটোগুলি ৫০০ টাকায় বিক্রি করেন। সবজির বর্তমান দাম সম্পর্কে তিনি জানান, ৬০০-৭০০ টাকার কমে দিন মজুর পাওয়া যায় না। তারপর নিজের খরচতো আছে। বাজারে আনার ভ্যান খরচ। এসব দিয়েও খরচ উঠছে না। চাষ, সার ও মজুরির দাম বাদই দিলাম। অপরদিকে সাধারণ মানুষ বলছে তরকারির দাম হাতের নাগালের মধ্যে হওয়ায় গরীব মানুষ খুব সহজেই শবজি কিনে খেতে পারছে। স্বল্প আয়ের মানুষগুলি যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে।



