আ’লীগের প্রচারপত্র বিতরণ ঃ নগর যুবলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণের অভিযোগে মহানগর গোয়েন্দা পুলিশ খুলনা জেলা হকার্স ইউনিয়নের সভাপতি এবং ২৩ নং যুবলীগের সদস্য খায়রুল ইসলামকে গ্রেপ্তার করেছে। সোমবার দুপুর পৌনে ৩ টার দিকে নগরীর এপিসি স্কুল ডালমিল গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খায়রুল ওই এলাকার মৃতঃ খলিলুর রহমানের ছেলে। পুলিশের একটি সূত্র জানায়, বর্তমান সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ একযোগে কাজ করছে। তারই অংশ হিসেবে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে। সরকার বিরোধী লিফলেটও বিতরণ করছে। জনসমর্থন নেওয়ার জন্য তারা বিভিন্ন পত্রিকার পাতার মাঝে লিফলেট বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে সব পত্রিকার মধ্যে লিফলেট বিতরণের অভিযোগে পুলিশ ২৩ নং ওয়ার্ড যুবলীগের সদস্য খায়রুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময়ে তার কাছ থেকে সরকার বিরোধী বক্তব্য সম্বলিত লিফলেট উদ্ধার করা হয়। ওই সূত্রটি আরও জানায়, তাকে ডিবি কার্যালয়ে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিফলেটটি কোথা থেকে তার কাছে এল সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের দমনের জন্য তার বাহিনী যুবলীগের ক্যাডারদের সহযোগীতা করেছেন। এড. আনিছুর রহমান পপলু মহানগর যুবলীগের সভাপতি থাকাবস্থায় এই খায়রুলের প্রভাব ছিল খুব। তার অত্যাচারে ফুটপাতের হকাররা ছিল অতিষ্ঠ। সরকারের পতনের পর থেকে তিনি গা ঢাকা দিয়ে চলতেন। তাকে গ্রেপ্তারের জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়।



