নড়াইলে এনএসআই সদস্যসহ চার ডাকাত আটক।

মোঃ রাসেল মোল্লা : নড়াইলের কালিয়া উপজেলায় ডাকাতির সময় এনএসআই সদস্যসহ চারজনকে আটক করেছে কালিয়া থানা পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে উপজেলার খড়রিয়া চরপাড়া গ্রামে ডাকাতি সংঘটিত হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করে।আটককৃতরা হলেনÍনড়াইলে কর্মরত এনএসআই ফিল্ড স্টাফ ও ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর মধ্যপাড়া গ্রামের সাইফুল আলমের ছেলে মো. ইয়াছিন হোসেন (২৭), নড়াইল সদর উপজেলার ভওয়াখালী আলখালী মধ্যপাড়া গ্রামের মৃত কাজী আনিছুর রহমানের ছেলে আরিফুজ্জামান (২২), সুবুদীডাঙ্গা গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সোহাগ মোল্লা (৩৬) এবং একই উপজেলার মৃত মনিরুজ্জামানের ছেলে শাহরিয়ার জামান শশী (৩৫)।পুলিশ জানায়, শুক্রবার রাত আটটার দিকে কালিয়া উপজেলার খড়রিয়া চরপাড়া গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সৌমেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে তারা ডিবি পুলিশের পরিচয় দিয়ে ঢুকে। এরপর ঘরে অবৈধ মালামাল রয়েছে বলে তল্লাশি চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। এসময় বাড়ির আশেপাশের লোকজন তাদের গতিবিধি সন্দেহজনক মনে করলে পেড়লী পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে ক্যাম্প ইনচার্জ এসআই আজিজুর রহমান দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির ২টি সোনার চেইন, ১ জোড়া কানের দুল, ১ জোড়া কানের দুলের টানা সহ মোট ২ ভরি ২ আনা ২ রতি স্বর্ণ, যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা, উদ্ধার করা হয়। এছাড়াও ডাকাতির নগদ ১ লক্ষ ১১ হাজার টাকা জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, “গতকাল রাতে খড়রিয়া চরপাড়া গ্রামে একটি ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় নড়াইলে কর্মরত এনএসআই ফিল্ড স্টাফ ইয়াছিন হোসেনের নেতৃত্বে ডাকাতি সংঘটিত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করে। ইতোমধ্যে কালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইলে এনএসআই সদস্যসহ চার ডাকাত আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



