স্থানীয় সংবাদ

৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে কুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি

# চারজন গ্রেফতারের ঘটনায় বিএনপির নিন্দা #

স্টাফ রিপোর্টার ঃ উপাচার্যকে অপসারণ ও ছাত্র রাজনীতি বন্ধসহ ৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। রোববার বিকেলে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে এই স্মারকলিপি জমা দেন তারা। এদিন বিকেল ৩টার পর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে রওনা হয়। পরে কাকরাইল মসজিদের গেটের কাছে পৌঁছালে তাদের আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। একপর্যায়ে সেখানেই প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন। পরে শহিদ মিনারে সংবাদ সম্মেলন করেন কুয়েট শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, শিক্ষার্থীদের দাবি সম্পর্কে সরকার পজিটিভ। দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কিছুদিন সময় চাওয়া হয়েছে। এর প্রেক্ষিতে সরকারকে সময় দেয়া হচ্ছে জানিয়ে শিক্ষার্থীরা আরও বলেন, যদি দাবি না মানা হয়, তবে কুয়েটের ৫ হাজার শিক্ষার্থী কঠোর আন্দোলনে নামবে। এর আগে রোববার সকালে ভাড়া করা দুটি বাসে ক্যাম্পাস থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকায় আসেন কুয়েটের ৮০ জন শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল। একপর্যায়ে দুপুর ২টার পর কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান করেন তারা। ওই সময় শহিদ মিনারে ব্যাপক পুলিশ প্রটোকল ও আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান লক্ষ্য করা যায়। সেখানে অবস্থানকালে ঢাকায় অবস্থানরত কুয়েটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদেরও তাদের সঙ্গে যোগ দিতে দেখা যায়। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিএনপি ও যুবদলের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, বিএনপি নেতা আব্দুল করিম মোল্লা, যুবদল নেতা আনোয়ার হোসেন, ইব্রাহিম হাওলাদার ও বিএনপির সর্মথক শফিকুল। শুক্রবার তাদেরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিকাবুল ইসলাম। এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানায় এ ব্যাপারে মামলা দায়ের করা হয়। কুয়েট প্রশাসনের পক্ষে নিরাপত্তা পরিদর্শক মো. মনিরুজ্জামান লিটন বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ধারী ৪০০/৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার নম্বর-১৭। মামলার পরদিনই শুক্রবার চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে কুয়েটের ঘটনায় চার বিএনপি-যুবদল নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে খুলনা বিএনপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিএনপির নেতাকর্মীদের হয়রানি করলে পরিণাম ভালো হবে না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button