খুলনায় ৩৩ লাখ টাকার কাজে ৩১ লাখই আত্মসাৎ : দুদকের দুই প্রকৌশলী ও এক ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার ঃ কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগে খুলনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুই প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের খুলনা সম্বনিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র। মামলার আসামিরা হলেন পাউবোর যান্ত্রিক ওয়ার্কশপ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সুব্রত অগ্নিহোত্র, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পলাশ এন্টারপ্রাইজের মালিক আনোয়ার হোসেন বাবুল ও পাউবোর উপ-সহকারী প্রকৌশলী রায়হান আলী। মামলার এজাহারে উল্লেখ করা হয়, পাউবোর খুলনা যান্ত্রিক বিভাগের অধীনে একটি কাজ সম্পন্ন না করে বিল উত্তোলনের অভিযোগ তদন্তে ৪ সদস্যের একটি টিম গঠন করে দুদক। তারা গত ২১ জানুয়ারি নগরীর জোড়াগেটে অবস্থিত যান্ত্রিক ওয়ার্কশপ উপ বিভাগ পরিদর্শন করে দেখতে পান দরপত্রের ৭টি কাজ শেষ হয়েছে মর্মে ৩২ লাখ ৯৬ হাজার টাকার চূড়ান্ত বিল জমা দিয়েছেন। কিন্তু বাস্তবে ২ লাখ ৯ হাজার টাকার কাজ পাওয়া গেছে। এর আগে তারা ১৫ লাখ টাকার বিল তুলে নিয়েছেন। অর্থাৎ কাজ না করেই ১২ লাখ ৯০ হাজার টাকা বিল তুলে আত্মসাৎ করা হয়েছে এবং ১৭ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাতের প্রচেষ্টা চলছিল।
মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র জানিয়েছেন, গত ২১ জানুয়ারী অভিযোগের প্রেক্ষিতে দুদকের চার সদস্যের এনফোর্সমেন্ট টিম ঘটনাস্থল পরিদর্শন করে। কাজের দাখিলকৃত ফাইনাল বিল অনুযায়ী ৭টি আইটেমের কাজ সম্পাদন বাবদ প্রায় ৩৩ লক্ষ টাকার বিল সাবমিট করা হয়। টিমের সাথে থাকা বিশেষজ্ঞ প্রকৌশলীর প্রতিবেদন অনুযায়ী কাজ হয়েছে মাত্র ২ লক্ষ ৯ হাজার ৮৫৩ টাকার। ইতিমধ্যেই ঠিকাদার ১৫ লক্ষ টাকার বিল উত্তোলন করেছে। কাজের বিলের অবশিষ্ট প্রায় ১৮ লক্ষ টাকার আত্মসাতের প্রচেষ্টা করায় মামলা দায়ের করা হয়।



