খুলনায় পায়ে শিকল পরিয়ে ইটভাটা শ্রমিককে নির্যাতন : গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার ঃ খুলনার রূপসায় পায়ে শিকল পরিয়ে ইট ভাটা শ্রমিককে নির্যাতনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ মুরাদ ফকির (৩৬) ও মোঃ ফয়সাল (৩২)। এসময় ভিকটিমকে নির্যাতনের সময় ব্যবহৃত লোহার শিকল ও তালা উদ্ধার করা হয়। শনিবার বিশেষ অভিযান পরিচালনা করে রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের চরশ্রীরামপুর ও নন্দপুর এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মো: আকাশ রূপসা থানাধীন ৩নং নৈহাটি ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে এনবিআই ব্রিকস এর ইট ভাটার শ্রমিক হিসাবে কাজ করে। গত ১৮ জানুয়ারি ইট ভাটায় কাজ করে রাতে শ্রমিকদের থাকার জায়গায় অবস্থানকালে আনুমানিক সাড়ে ৯টার সময় গ্রেপ্তারকৃতরা ভিকটিমকে হঠাৎ করে অকথ্য ভাষায় গালি দিতে দিতে তার পায়ে ও হাতে লোহার তৈরি শিকল ও তালা দিয়ে ঘরের মধ্যে ফেলে রাখে এবং নির্যাতন করে। লোহার শিকল পরিহিত অবস্থায় তারা মো: আকাশ উক্ত ইট ভাটায় কাজ করায় এবং রাতে শিকল পরা অবস্থায় শ্রমিকদের সাথে ঘুমাতে বাধ্য করে এবং এ বিষয়ে কাউকে না জানানোর জন্য ভয়, ভীতি ও হুমকি প্রদর্শন করে।
গত শুক্রবার স্থানীয় লোকজন পায়ে শিকল পরিয়ে ইট ভাটা শ্রমিককে নির্যাতনের বিষয়টি পুলিশকে অবহিত করলে তাৎক্ষনিক কিসমত ক্যাম্প পুলিশ শিকলের তালা কেটে মো: আকাশকে উদ্ধার করে। খুলনার রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহফুজুর রহমান বলেন, রূপসা থানাধীন ৩নং নৈহাটি ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে এনবিআই ব্রিকস এর ইট ভাটার শ্রমিক হিসাবে মো: আকাশ কাজ করতো। গত ২১ ফেব্রুয়ারি রাতে আকাশকে পায়ে শিকল বাধা অবস্থায় ওই ইটভাটা থেকে উদ্ধার করা হয়। আকাশ খুলনা মহানগরী আড়ংঘাটা থানাধীন ফুলবাড়ীগেট তেলিগাতী গ্রামে অস্থায়ী হিসেবে বসাবস করতো। সে যশোর জেলা অভয়নগর থানাধীন আমতলা বাজার গ্রামের বাসিন্দা মো: সাদ্দাম ইসলামের পুত্র। এই ঘটনায় রূপসা থানায় একটি মামলা হয়েছে।



