নগরীর সোনাডাঙ্গা আউটার বাইপাস সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার সকালে নগরীর মজিদ সরণি ও সোনাডাঙ্গা আউটার বাইপাস সড়ক থেকে অবৈধ দখলদারদের অপসারণ করা হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়। অবৈধ দখল অপসারণকালে নগরীর মজিদ সরণির ফুটপথ দখল করে চায়ের দোকান স্থাপন করে ব্যবসা পরিচালনার অপরাধে হাসিনা বেগমকে ১ হাজার টাকা এবং সোনাডাঙ্গা আউটার বাইপাস সড়কের ফুটপথ দখল করে মটর সাইকেল মেরামত করার অপরাধে মো: আব্দুল্লাহকে ৪ হাজার টাকা, মো: রিপনকে ২ হাজার টাকা ও মো: মিন্টুকে ১ হাজার টাকা, ফুটপথে চুলা স্থাপন করায় হোটেল ব্যবসায়ী মো: খাইরুলকে ৩ হাজার টাকা, সড়কে ইট-বালু রেখে ব্যবসা পরিচালনার অপরাধে মো: বশিরকে ২ হাজার টাকা, কাঠের ব্যবসা পরিচালনার অপরাধে মো: খলিলুর রহমানকে ২ হাজার টাকা এবং ফুটপথ দখল করে খাদ্য সামগ্রী বিক্রয়ের অপরাধে মো: ইব্রাহীমকে ১ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া অভিযানকালে উভয় সড়ক ও সড়কের ফুটপথ থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।



