খুলনায় দু’দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন

# স্টলে মেলে মুজিব বর্ষের শ্লোগান ছবি সম্বলিত প্রচারপত্র #
স্টাফ রিপোর্টার ঃ খুলনায় দু’দিন ব্যাপী তথ্য মেলা মঙ্গলবার সকালে নগরীর শান্তিধাম মোড়ের পার্কে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( শিক্ষা) দেব প্রসাদ পাল। পরে মূল মঞ্চে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি সনাক এ মেলার আয়োজক। খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ কুতুব উদ্দিন, ডেপুটি পোস্ট মাস্টার জুবায়দা গুলশান আরা, বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মোঃ আবু সাঈদ, প্রাথমিক শিক্ষা দপ্তরের বিভাগীয় উপপরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মোঃ কামরুজ্জামান। স্বাগত বক্তৃতা করেন খুলনা সনাকের সভাপতি অধ্যাপিকা রমা রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন টিআইবির কর্মকর্তা ফিরোজ উদ্দীন। দু’ দিনব্যাপী এ তথ্যমেলা ২৫ ও ২৬ ফেব্রুয়ারি চলবে। মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন প্রতিযোগিতা, প্রশ্ন উত্তর পর্ব চলমান। এছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুর্নীতিবিরোধী নাটক। আলোচনা সভা শেষে অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন। মেলায় মোট ৩২টি স্টল দেয়া হয়েছে। তবে সিভিল সার্জন অফিসের স্টলে বিভিন্ন সেবামূলক প্রচারপত্রে “মুজিব বর্ষে স্বাস্থ্য খাত এগিয়ে যাবে অনেক ধাপ” শ্লোগান ও ছবি সম্বলিত প্রচারপত্র বিলি করতে দেখা যায়। কমার্স কলেজের একাউন্ট বিভাগের শেষ বর্ষের ছাত্র পলাশের নিকট বিলি করার পর তিনি বিষয়টি দৃষ্টি গোচর করেন। পরে বিষয়টি অনুষ্ঠানে আগত প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের অবগত করা হয়। ওই স্টলের দায়িত্বরত কাজী আঃ লতিফ বলেন, অফিস থেকে এসব প্রচারপত্র তাকে দিয়েছে। তিনি শুধু স্টলে সাজিয়েছেন। তবে ডেপুটি সিভিল সার্জন কামাল হোসেন বলেন, বিষয়টি তিনি জানেন না। তবে কিভাবে ওইখানে এসব প্রচারপত্র গেল তা তিনি খোজ নিয়ে দেখবেন বলে জানান। মেলা শুরু হওয়ার আগেই বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের স্টল, সনাকের স্টল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টল, সিনিয়র জেলা নির্বাচনী অফিসের স্টল, কেসিসির স্টল, বিআরটিএ’র স্টল, ওয়াসার স্টল সাজানো সম্পন্ন হলেও অন্য স্টলগুলো ছিল ফাঁকা।



