বাগেরহাটের ফকিরহাটে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ভ্যান চালক গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী এলাকায় টাকার লোভ দেখিয়ে ডেকে নিয়ে ১১ বছর বয়সী একজন শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার জন্য শওকত শেখ (৫০) নামের একজন ভ্যান চালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শওকত শেখ উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের ইনছান উদ্দিন শেখের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুধবার সকালে থানায় একটি মামলা করেছেন। মামলার বরাত দিয়ে ফকিরহাট মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক মীর বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই শিশুকে একা পেয়ে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে একটি ফাঁকা জায়গায় ডেকে নিয়ে যায় ভ্যান চালক শওকত শেখ। সেখানে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায় শওকত শেখ। পরে শিশুটির মা থানায় এসে অভিযোগ দিলে মঙ্গলবার রাতেই লম্পট শওকত শেখ কে গ্রেফতার করা হয়।



