লালমনিরহাটে ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

প্রবাহ রিপোর্ট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে দিয়ে পাঁচ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার দুপুরে পানবাড়ী ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী বাংলাদেশি ফেরতের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার বিকেলে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়ানের পানবাড়ী বিওপির তিনবিঘা করিডোর শূন্য লাইনে বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে তাদেরকে হস্তান্তর করা হয়। ফেরতরা হলেন- ঢাকার মিরপুর এলাকার ফরিদ ইসলামের সন্তান তৃতীয় লিঙ্গ ফেরদৌস ফরহাদ রশনি (২৬), একই এলাকার আনোয়ার হোসেন সন্তান তৃতীয় লিঙ্গ ফরিদ ইসলাম ও হৃদয় হাসান সারওয়ার নুরজাহান (২৮), মোয়াজ্জেম হোসেনের সন্তান তৃতীয় লিঙ্গ হামিদুল ইসলাম রিয়া মনি (২৭), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী এলাকার আহমাদ আলী ছেলে আদম আলী (৫২) ও তার স্ত্রী আমিনা বিবি (৪২)। বিজিবি জানায়, ২০২২ সালে অবৈধভাবে কুমিল্লা আগরতলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তৃতীয় লিঙ্গের তিনজনসহ পাঁচজন বাংলাদেশি। সেখানে দীর্ঘ সময় কাটিয়ে গত শুক্রবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে ৬ বিএসএফের ওমর ক্যাম্পের টহল দল তাদের আটক করে। পরে আটকদের ফেরত দিতে পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফ। গত শুক্রবার সন্ধ্যায় তিনবিঘা করিডোর শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ। পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৬ বিএসএফ ব্যাটালিয়ানের ওমর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সঞ্জীব কুমারসহ পাঁচজন বিএসএফের সদস্য। অপরদিকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়ানের পানবাড়ী ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলীসহ ছয়জন বিজিবি সদস্য। রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ী ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব হোসেন বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে পাঁচজন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ।



