চিনাটোলা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভিতর ঢুকে পড়ল বাস, আহত ২০

মণিরামপুর (যশোর)প্রতিনিধিঃ ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মণিরামপুরের চিনাটোলা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের ভিতর ঢুকে পড়ে ভয়াবহ দূর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় যাত্রীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে চিনাটোলা বাজারে রাস্তার পূর্ব পাশের দু’টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে একটি পাকা দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে বাসযাত্রীদের অনেকেই গুরুতর আহত হয়ে আর্তচিৎকার করতে থাকে । তাৎক্ষনিক ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। স্থানীয়রা গুরুতর আহত ৭/৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। মণিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, খবর পেয়ে আমরা আহত ১০ জন কে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, আহতদের মধ্যে মনিরা খাতুন (২০) ও ইউসুফ আলী (১৯) হাসাপাতালে ভর্তি হয়েছে। অন্য আহত ইয়াসিন (৩৫), আল আমিন (২৬), রেহেনা পারভিন (২৩), লিটন হোসেন (৩০), আব্দুল মান্নান হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছে।



