বাগেরহাটে এবার পুলিশে কে মারপিট করে গ্রেফতার হওয়া আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা : যৌথ বাহিনীর অভিযানে ১৬ জন আটক

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটে এবার পুলিশ কে মারপিট করে গ্রেফতার করা ওয়ারেনটেন্ড আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে বিএনপির নেতা-কর্মীরা। মঙ্গলবার রাতে কচুয়া উপজেলার গজালিয়া ব্রীজ এলাকায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার এখলাছ শেখ (৩৩) নামের একজন স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছিনিয়ে নিতে স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে একজন এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ খবর পেয়ে রাতেই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে গ্রেফতার আসামিসহ অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে। পরে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও হামলার জড়িত থাকার অভিযোগে যৌথবাহিনী রাতভর অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করে। আটক সকলেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে স্থানীয়রা জানায়। এ সময় বেশ কয়েকটি মটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রর্ত্যক্ষদর্শীরা জানায়, চাঁদাবাজি ও মারধরের অভিযোগে কচুয়া থানার একটি মামলার এজাহার নামীয় আসামি এখলাছ শেখ কে মঙ্গলবার রাতে উপজেলার গজালিয়া সেতু এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল। এ সময় তাঁকে ছিনিয়ে নিতে স্থানীয় গজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শিকদার জাকির হোসেন ও সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেনের নেতৃত্বে শতাধিক লোক পুলিশের ওপর হামলা করে। এতে বিএনপি নেতাকর্মীদের মারধরে কচুয়া থানার এসআই আহমেদ কবির, গজালিয়া পুলিশ ক্যাম্পের এএসআই রাকিব মোল্লা, পুলিশ কনস্টেবল মো. জাহিদুর রহমান ও রঞ্জন বিশ্বাস আহত হন। উদ্ধারের পর আহত পুলিশ সদস্যদের স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা দেওয়া হয়। গ্রেফতার এখলাছ শেখ গজালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। এদিকে স্বেচ্ছাসেবক দলের নেতা একলাছসহ আটক ১৬ জনের বিরুদ্ধে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ কচুয়া থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। ওই মামলায় আটক ব্যক্তিরা ছাড়াও অজ্ঞাতনামা আরো শতাধিক ব্যক্তিকে আসামি করা হচ্ছে। পুলিশের উপর হামলায় আটককৃতরা হলো মো. রিয়াজ শেখ (২৫), মো. আমিনুল হক (২৮), মো. হেমায়েত মোল্ল্যা (৫২), মো. সাব্বির শেখ (১৯), মো. সোহাগ শেখ (২৩), মো. রবিউল ইসলাম (২৭), আমিরাত হোসেন (২০), মো. সাকিব শেখ (১৮), মো. ইবাদুল সিকদার (২৬), মো. আবুল খায়ের (৪১), মো. ওমর ফারুক (৩৯), মো. শাওন আকন (২১), মো. জনি শেখ (১৮), মো. রাফি সিকদার (২১), মো. ইয়ার হোসেন (৩২), মো. রিয়াজুল ইসলাম (২৯)। এরা সবাই স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন জানান, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে। তাঁরা সন্ত্রাসী প্রকৃতির এবং এলাকার বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এ ঘটনায় মামলা হয়েছে। জড়িত বাকী আসামিদের গ্রেপ্তারে জোর অভিযান অব্যাহত রাখা হয়েছে।



