ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে খুলনার স্বাধীনতা কনসার্ট স্থগিত

স্টাফ রিপোর্টার ঃ গাজা ও রাফায় নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে খুলনায় পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ উদযাপনের সিদ্ধান্ত সাময়িক স্থগিত করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। ৭এপ্রিল ফাউন্ডেশন’র সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল এর বরাত দিয়ে খুলনা বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য কনসার্ট একদিন পিছিয়ে ১২ এপ্রিল উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সোমবার রাতে এই সিদ্ধান্ত পরিবর্তন করে ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করেছে ফাউন্ডেশনটি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহান স্বাধীনতা দিবস সার্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশী শিল্পীদের অংশগ্রহণে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত ‘স্বাধীনতা কনসাট’ রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ-এর পাশাপাশি একইদিনে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় আলাদা আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অন্যদিকে, ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যেই হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাৎ বরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েলের সেনারা। গাজা উপত্যকা আজ মৃত্যু উপত্যকা। দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। এই প্রেক্ষিতে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আগামী ১১ এপ্রিল রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ একদিন পিছিয়ে পরেরদিন ১২ এপ্রিল সার্বজনীনভাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এই সিদ্ধান্ত ৭ এপ্রিল রাতে পরিবর্তন করে ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।



