জাতীয় সংবাদ
পুলিশ কনস্টেবল নিয়োগে প্রলোভনে প্রতারিত হবেন না: সদর দফতর

প্রবাহ রিপোর্ট : স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রার্থী নির্বাচন করা হচ্ছে। বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ লাভে প্রলোভনে পড়ে কারও সঙ্গে আর্থিক লেনদেন, বা অন্য কোনও অনিয়মে জড়িয়ে প্রতারিত না হতে সবার প্রতি অনুরোধ করছে পুলিশ সদর দফতর। গতকাল মঙ্গলবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগরের পাঠানো এক বার্তায় এই অনুরোধ জানানো হয়েছে। বার্তায় আরও বলা হয়েছে, কেউ আর্থিক লেনদেন বা অন্য কোনও উপায়ে কনস্টেবল পদে নিয়োগের প্রতিশ্রুতি দিলে, তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। কেউ কোনও প্রতারকের সন্ধান পেলে নিকটস্থ থানায় বা পুলিশ সুপারের অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।



