স্থানীয় সংবাদ

খুলনা বয়রা বাজারে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা

স্টাফ রিপোর্টার : বর্তমানে একের পর এক ঘটেই চলেছে হত্যা ও হত্যাচেষ্টাসহ নানা অপরাধমূলক কর্মকা-। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর খুলনায় বেড়েছে সন্ত্রাসীদের তান্ডব। সম্প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে বেশ কয়েকজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আটক হলেও কমছে না অপরাধ। গতকাল ৩০ এপ্রিল বুধবার সন্ধ্যা সাতটায় খুলনা সোনাডাঙ্গা থানাধীন বয়রা বাজার এলাকায় এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আহত যুবক সোনাডাঙ্গা মডেল থানাধীন আদর্শ পল্লী এলাকার বাসিন্দা মোঃ শহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ আব্দুর রহিম। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এ তথ্য নিশ্চিত করেছেন। তবে বাজারের ভেতর লোকসমাগমের মধ্যে প্রকাশ্যে এমন ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী। এলাকাবাসী সূত্রে জানা যায়, বয়রা বাজারে একটি ফলের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন আহত যুবক। এমন সময় ৪/৫ জন যুবক এসে ওই যুবকের উপর হামলা চালায়। এই সময় ওই যুবকের দুই পা ও মাথায় এলোপাথাড়ি কোপানো হয়। যুবকটি মাটিতে লুটিয়ে পড়লে দ্রুত স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা। এ সময় আহত যুবকের চিৎকারে আরো লোকজন জড়ো হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান বলেন, আহত যুবক বয়রা বাজারে ফল কিনতে আসেন। এ সময় কয়েকজন যুবক তাকে কুপিয়ে জখম করে স্থান ত্যাগ করে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তদন্ত সাপেক্ষে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button