কুয়েটের অন্তবর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন এই বিশ^বিদ্যালয়ের ছাত্র চুয়েটের অধ্যাপক ড. মোঃ হযরত আলী

# সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে #
# ব্যাচমেট সিনিয়র শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে নিলেন খোঁজখবর
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী। তিনি কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বি এস সি ইঞ্জিনিয়ারিং পাশ করেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয় মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০ (১) ও ১০ (৩) ধারা অনুসারে উক্ত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন ভাইস-চ্যান্সেলর নিয়োগের পূর্বপর্যন্ত অন্তবর্তী সময়ের জন্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পুরকৌশল বিভাগের অধ্যাপক(গ্রেড-১) ড. মো. হযরত আলী-কে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদের রুটিন দায়িত্ব পালনের নিমিত্তে শর্তে নিয়োগ প্রদান করা হলো। চুয়েটের একটি সুত্র জানিয়েছে ড. মো. হযরত আলী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক(গ্রেড-১) হিসেবে কর্মরত। তিনি কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বি এস সি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি অর্জন করেন। প্রশাসনিক দক্ষতা ও একাডেমিক অভিজ্ঞতা সম্পন্ন একজন বিনয়ী মানুষ প্রফেসর ড. মোঃ হযরত আলী। তিনি তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে বিরাজমান অস্থিরতা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন বলে সুত্রটি জানান।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিসি, প্রোভিসি এবং ডিএসডাবলিউর পদত্যাগ দাবি করেন। এক পর্যায়ে শিক্ষার্থীদের আমৃত্যু অনশন কর্মসূচির প্রেক্ষিতে গত ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়টির ভিসি এবং প্রো-ভিসিকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। বেশ কিছুদিন ক্যাম্পাস অভিভাবক শুন্য থাকার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন একজন অভিভাবক হিসাবে নিয়োগ পেলেন প্রফেসর ড. মোঃ হযরত আলী।



